পরশুরামে সড়কের পাশে হাঁটার সময় গাছ পড়ে মো. নূর করিম খোকন (৪০) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে পৌরসভার বাউরপাথর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
‎নিহত নূর করিম পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাউরপাথর উত্তর পাড়ার হাজী আবুল কালামের ছেলে। পরশুরাম বাজারের হাসপাতাল চৌমুড়ীতে তার চা দোকান রয়েছে। পরিবারে তার দুই ছেলে সন্তান রয়েছে।
‎স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টার বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে রওনা দেন নূর করিম। এসময় বাউরপাথর হনালুবাগান এলাকায় সড়কের পাশে আব্দুল খালেক নামে এক ব্যক্তি গাছ কাটছিলেন। সড়ক পারাপারের সময় কেটে ফেলা একটি গাছ নূর করিমের ওপর ধ্বসে পড়লে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় কয়েকজন যুবক তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
‎পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।