ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী গ্রেপ্তার
ফেনীতে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারনামীয় আসামিসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সোমবার সকাল পর্যন্ত শহরের রেলগেট, সহদেবপুর ও মাস্টারপাড়া এলাকা থেকে ফেনী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন-ফুলগাজীর জগতপুর এলাকার নাইমুর রহমান দুর্জয় ওরফে রাশেদ দুর্জয় (২৫), ফেনী সদর উপজেলার ভালুকিয়া-কালিদহ এলাকার ইফতেখার আহাম্মদ ফাহিম (২০) এবং ছাগলনাইয়া উপজেলার মধ্যম শিলুয়া এলাকার মো. শাহীনুর তন্ময় (২৬)।পুলিশের জানায়, নাইমুর রহমান দুর্জয় ফেনী সদর মডেল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার এজাহারনামীয় আসামি। তদন্তে অপর দুজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর তাদেরও গ্রেপ্তার করা হয়।পুলিশ আরও জানায়, গ্রেপ্তার তিনজনই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী। তারা ফেনী শহরের বিভিন্ন এলাকায় পূর্বে মিছিল সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি নতুন করে মিছিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলেন।ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় আসামিসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।