প্রযুক্তির সাহায্যে পর্যটন বিকাশে গুরুত্বারোপ
ফেনীতে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ এ প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষ্যে ফেনীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।এদিন সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক শোভাযাত্রা ও র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য ও গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিফাত আসমা। এছাড়া স্থানীয় বিনোদনকেন্দ্র ‘নিহাল পল্লী’র স্বত্বাধিকারী নিজাম উদ্দিনসহ জেলার বিশিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন।সভায় বক্তারা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে স্থানীয় পর্যটন শিল্পকে আরও আধুনিক, আকর্ষণীয় ও জনবান্ধব করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ফেনীর পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানো, ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং পর্যটন খাতের পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।