টানা চার বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবার সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ফেনী গার্লস ক্যাডেট কলেজ। ২০২৬ সালের পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ৬১ জনের সবাই উত্তীর্ণ হয়েছেন। তবে জিপিএ-৫ পেয়েছেন ৪৫ জন।
শনিবার (৩১ অক্টোবর) কুমিল্লা শিক্ষাবোর্ড ঘোষিত ফলাফলে এসব তথ্য জানা গেছে।
কলেজের গত চার বছরের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালে ৪৮ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছিলেন। তার আগে ২০২৪ সালের ৫৫ জন, ২০২৩ সালে ৫৭ জন এবং ২০২২ সালে ৫৫ জন পরীক্ষার্থীর সবাই সর্বোচ্চ এই ফল অর্জন করেন। অর্থাৎ, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা চার বছর শতভাগ জিপিএ-৫ পাওয়ার রেকর্ড ছিল প্রতিষ্ঠানটির। এবার সেই ধারায় ছেদ পড়েছে।
ফলাফলে দেখা যায়, এবার এইচএসসিতে ফেনী জেলার ৪১টি কলেজের শিক্ষার্থীরা ১১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩ হাজার ৮৭২ জন এবং ছাত্রী ৫ হাজার ৫৯৯ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১ হাজার ৬৭৮ জন এবং ছাত্রী ৩ হাজার ২৬২ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৪১ জন।