ফেনী    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
দৈনিক ফেনী

ফুলগাজী

ফুলগাজীতে বসতঘরের পাশে মুরগির খামার, দুর্গন্ধে নাকাল

ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামে বসতঘরের পাশে গড়ে তোলা একটি মুরগির খামারের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় একটি পরিবারের সদস্যরা। এ নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিন পরিদর্শন করে খামারটির বিভিন্ন অনিয়মের তথ্য পেয়েছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। খামারটির প্রাণিসম্পদ অধিদপ্তরের নিবন্ধন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও পরিবেশসম্মত বায়োগ্যাস প্ল্যান্ট নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।উপজেলার দরবারপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের উত্তর শ্রীপুর গ্রামের আবদুর রউফ মেম্বার বাড়িতে এ খামারটির অবস্থান। স্থানীয় বাসিন্দা রহিম উল্যাহর অভিযোগ, তার বসতঘর থেকে আনুমানিক ১০ ফুট দূরে একই গ্রামের সৈয়দ তাজুল ইসলাম রাজন খামারটি স্থাপন করেন। খামারের প্রচণ্ড দুর্গন্ধে শিশু ও বয়োবৃদ্ধদের নিয়ে পরিবারের সদস্যদের বসবাস কঠিন হয়ে পড়েছে। খামারটি নির্মাণের সময় আপত্তি জানালেও তা আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।খামারটি অন্যত্র সরিয়ে নিতে চলতি বছরের ৩১ মার্চ পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করেন রহিম উল্যাহ। আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ এপ্রিল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খামারটি সরেজমিন পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দেন।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার পরিদর্শন প্রতিবেদনে বলা হয়, খামারটিতে প্রায় তিন হাজার ডিমপাড়া লেয়ার মুরগি রয়েছে। পরিদর্শনকালে খামারের আশপাশের বাতাস দুর্গন্ধযুক্ত পাওয়া যায় এবং আবেদনকারীর বসতবাড়ির সঙ্গে খামারটি লাগোয়া অবস্থায় রয়েছে। খামারটির প্রাণিসম্পদ অধিদপ্তরের নিবন্ধন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এছাড়া পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনার জন্য বায়োগ্যাস প্ল্যান্টও স্থাপন করা হয়নি। প্রতিবেদনে খামারিকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সেগুলো বাস্তবায়নের জন্য এক মাস সময় দেওয়ার সুপারিশ করা হয়। নির্ধারিত সময়ে পরামর্শগুলো বাস্তবায়ন না করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারেক মাহমুদ ও দরবারপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মাসুদুল হক সরেজমিন পরিদর্শন করেন। এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের নিবন্ধন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া বসতবাড়ির এত কাছে লেয়ার খামার চালু রাখা যাবে না। ওই এলাকার বসতবাড়িগুলোও পুরোনো। আগের খামারি জানিয়েছিলেন বর্তমান ব্যাচের মুরগিই শেষ, এরপর তিনি আর মুরগি পালন করবেন না। তবে খামারের নতুন মালিক আসা কিংবা আবার খামার চালুর বিষয়ে তার জানা নেই। এ বিষয়ে নতুন কোনো অভিযোগও তিনি পাননি।পরিদর্শন শেষে প্রতিবেদন দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন দরবারপুর ইউপি প্রশাসক।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাউছার হামিদ বলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসককে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দেবেন।জানা গেছে, খামারটির পরিচ্ছন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা নিশ্চিতে লিখিত অঙ্গীকার দিয়েছিলেন আগের মালিক সৈয়দ তাজুল ইসলাম রাজন। শর্ত অনুযায়ী, প্রতিদিন অন্তত দুইবার খামার পরিষ্কার, নিয়মিত বর্জ্য অপসারণ, মৃত মুরগি ও ভাঙা ডিম নির্দিষ্ট স্থানে গর্ত করে পুঁতে রাখা এবং খামারের চারপাশ পরিষ্কার করে জীবাণুনাশক ব্যবহারের অঙ্গীকার করেন তিনি। পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের প্রযোজ্য নিয়ম মেনে চলা এবং বর্তমান ব্যাচের মুরগি শেষ হওয়ার পর ওই শেডে আর লেয়ার মুরগি পালন না করার প্রতিশ্রুতিও দেন।তবে এরই মধ্যে খামারটির মালিকানা পরিবর্তন হয়েছে। আগের মালিক সৈয়দ তাজুল ইসলাম রাজন খামারটি বিক্রি করে দিয়েছেন। বর্তমানে বাবুল নামে এক ব্যক্তি খামারটির মালিক। ফলে আগের মালিকের দেওয়া লিখিত অঙ্গীকারের পরও নতুন মালিকের অধীনে খামারটি আবার চালু রয়েছে।এ বিষয়ে বর্তমান মালিক বাবুল বলেন, এ খামারের মালিক আমি নই। মূল মালিক রাজন অসুস্থ থাকায় এ লটের মুরগিগুলোর দেখাশোনা করছি। কয়েক দিনের মধ্যেই এ লটের মুরগি বিক্রি শেষ হয়ে যাবে। এ কারণে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ অন্যান্য অনুমোদনের বিষয়ে আমি অবগত নই। এসব বিষয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসক আমাকে ফোন করেছিলেন। তাকেও সরেজমিনে খামার পরিদর্শন করে যাওয়ার অনুরোধ জানিয়েছি। কারণ আমরা এখানে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করি।বাবুল আরও বলেন, রহিম উল্ল্যাহ নামে ওই ব্যক্তির নাতিকে খামার থেকে মুরগি চুরির দায়ে অভিযুক্ত করা হয়েছিল। এরপর থেকে তিনি বিভিন্নভাবে অভিযোগ করে আসছেন।

ফুলগাজীতে বসতঘরের পাশে মুরগির খামার, দুর্গন্ধে নাকাল