প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
ফেনীতে বছরের ব্যবধানে ডেঙ্গু শনাক্ত বেড়েছে সাত গুণ
নিজস্ব প্রতিবেদক ||
বছরের ব্যবধানে ফেনীতে ডেঙ্গুর শনাক্তের সংখ্যা সাত গুণ বেড়েছে। চলতি বছর গতকাল বুধবার (৪ নভেম্বর) পর্যন্ত জেলায় ১ হাজার ৪৫৯ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, গত বছর জেলায় ডেঙ্গু শনাক্তের সংখ্যা ছিল ২০১ জন। সে হিসাবে গত বছরের তুলনায় এ বছর আক্রান্তের সংখ্যা বেড়েছে সাত গুণের বেশি।সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৭৩ জনের ডেঙ্গু পরীক্ষা করে ৩২ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য ভর্তি রয়েছেন ৪৪ জন ডেঙ্গু রোগী। গত অক্টোবরে ফেনী ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ ছিল। এ মাসে চলতি বছরের সর্বাধিক ৬০৪ জন শনাক্ত হয়েছে। চলতি নভেম্বর মাসের প্রথম চার দিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১২ জন।প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬৫ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২১ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৪ জন। এর মধ্যে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন ৩৭ জন। ডেঙ্গু শনাক্তে জেলার সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে বর্তমানে ২ হাজার ৩১০টি ডেঙ্গু পরীক্ষার কিট মজুত রয়েছে।ফেনীর সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামান বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ছাদ কিংবা অন্য কোনো স্থানে পানি জমতে দেওয়া যাবে না। জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করে। তাই নিয়মিত পানি অপসারণের পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। জ্বর দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ারও আহ্বান জানান তিনি।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী