প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
হত্যার ১১ দিনেও শনাক্ত হয়নি খুনিরা, হদিস নেই অটোরিকশার
নিজস্ব প্রতিবেদক, ছাগলনাইয়া ||
ছাগলনাইয়ায় অটোরিকশাচালক আবদুল হক (৪৫) হত্যার ১১ দিন পেরিয়ে গেলেও ঘাতকদের শনাক্ত করতে পারেনি পুলিশ। উদ্ধার হয়নি ছিনতাই হওয়া তার অটোরিকশাটিও। স্বামী হত্যার বিচার না পাওয়া এবং পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন অটোরিকশাটি ফিরে না পাওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন নিহতের স্ত্রী হাসিনা আক্তার।এর আগে গত ২৩ অক্টোবর রাতে ‘ঘাতকরা’ যাত্রী সেজে আবদুল হকের অটোরিকশায় ওঠে। পরে উপজেলার চাঁদগাজী বাজার থেকে পাঠাননগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাঠাননগর গ্রামের অহিদুর রহমানের পুরোনো বাড়ির দোচালা টিনের ঘরের পশ্চিম পাশে পুকুরপাড়ে নিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। একই সময়ে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় হত্যাকারীরা। পরদিন ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।আবদুল হক উপজেলার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা গ্রামের ওসমান হাওলাদারের ছেলে। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে পাঁচ সদস্যের সংসার ছিল তার। ধারদেনা ও কিস্তিতে প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে অটোরিকশাটি কিনেছিলেন তিনি। সেটি চালিয়েই চলত পরিবারের ভরণপোষণ।নিহতের স্ত্রী হাসিনা আক্তার বলেন, আমার স্বামী সবজি বিক্রি করে অতি কষ্টে সংসার চালাতেন। হত্যাকাণ্ডের এক মাস আগে এনজিও থেকে কিস্তিতে ১ লাখ ৫০ হাজার টাকা ঋণ নিয়ে ফুলগাজীর আমজাদহাট বাজার থেকে অটোরিকশাটি কিনে দিয়েছিলাম। তাকে হারানোর পাশাপাশি এখন ঋণের বোঝাও পরিবারের ওপর। হত্যাকাণ্ডের ১১ দিন পার হলেও জড়িতদের গ্রেপ্তার এবং অটোরিকশাটি উদ্ধার না হওয়া অনেক বেশি হতাশার। দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি অটোরিকশাটি পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।এদিকে হত্যাকাণ্ডের ১১ দিন পরও জড়িতদের শনাক্ত করতে না পারায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহলের প্রতিনিধিরা। ঘটনার রহস্য উদঘাটন ও হত্যাকারীদের আইনের আওতায় আনতে পুলিশের পাশাপাশি পিবিআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন তারা।মহামায়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল করিম লিটন বলেন, আবদুল হকের জানাজার সময় থানা পুলিশকে এক সপ্তাহের মধ্যে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু ১১ দিন পার হলেও হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি। হত্যার বিচারের দাবিতে মানববন্ধনসহ আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।যা বলছে পুলিশআবদুল হক হত্যাকাণ্ডের ব্যাপারে জানতে কথা হয় ছাগলনাইয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহেরের সঙ্গে। দৈনিক ফেনীকে তিনি বলেন, দুর্বৃত্তরা আবদুল হককে হত্যার উদ্দেশ্যে হামলা করেনি বলে ধারণা করা হচ্ছে। অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই তার শরীরে আঘাত করা হয়েছিল। পরে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, এ ঘটনার পর সন্দেহভাজন ৭ জনকে তালিকাভুক্ত করে তাদের মধ্যে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততা না পাওয়ায় একজনকে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়েছে। অন্য তিনজনকে দস্যুতার মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আবদুল হক হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ও অটোরিকশা উদ্ধারে তথ্যপ্রযুক্তির সহায়তা এবং বিভিন্ন থানার সঙ্গে সমন্বয় করে পুলিশের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী