প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
‘দেশের উন্নয়নে যুবকদের দক্ষতা বাড়াতে হবে’
নিজস্ব প্রতিবেদক ||
ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদীন বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে, দেশের উন্নয়ন করতে হলে যুব সমাজকে দক্ষতা বাড়াতে হবে, তাদের দক্ষতা বাড়ানোর কোন বিকল্প নেই। তারাই দেশের সম্পদ।গতকাল রোববার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এ প্রতিপাদ্য জাতীয় যুব দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।বক্তব্যে তিনি বলেন, যুবকরা পৃথীবীকে এগিয়ে নিচ্ছে। তাদেরকে কাজে লাগাতে হবে। দেশকে উন্নয়ন করতে হলে যুবকদের দক্ষতা বৃদ্ধি করার বিকল্প নেই। দেশকে উন্নয়নের শিখরে নিতে হলে যুব সমাজক গুরুত্ব দিতে হবে, তাদের কাজে লাগাতে হবে। তাদের মেধা, শ্রম, যোগ্যতাই পারে দেশের ভাগ্য পরিবর্তন করতে। এসময় যুবকদের উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি করতে সরকার কাজ করছে বলে জানান তিনি।জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, যুবকদের সামাজিক দায়বদ্ধতার রয়েছে। নিজের জন্য সমাজের জন্য যুবকদের কাজ করতে হবে। তবে এখন সেটা না করে অনেকে মাদক সেবনসহ খারাপ কাজে জড়িয়ে পড়ছে। এটি সমাজের জন্য উদ্বেগজনক। এসব বিষয়ে আমাদের সচেতন হতে হবে। অনেকে পড়াশোনা করছে, পড়ালেখার পাশাপাশি তার দক্ষতা অনুযায়ী কাজ শিখাতে হবে। এতে কর্মসংস্থানের সুযোগ বাড়বে, বেকারত্ব কমে আসবে।যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর উপপরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলী জানান, যুব দিবস উপলক্ষ্যে ৫ জন উদ্যোক্তার মাঝে ৪ লাখ ২০ হাজার টাকার যুব ঋণ প্রদান করা হয়। এর মধ্যে আবদুল আল নোমান, তাহমিনা আক্তার, টুলটুলী রানী, রাজিয়া আক্তার, লুৎফুর নাহারকে যুব ঋণ প্রদান করা হয়। এছাড়াও সফল আত্মকর্মী নারী হিসেবে পুরস্কার পেয়েছেন নাদিয়া কাউছার নিপুন, সফল আত্মকর্মী পুরুষ হিসেবে এমদাদ উল্ল্যাহ এবং শ্রেষ্ঠ যুব সংগঠক নারী লুৎফুন নাহার ও শ্রেষ্ঠ যুব সংগঠক পুরুষ হিসেবে এমদাদ উল্ল্যাহ পুরস্কার পেয়েছেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু। যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর প্রশিক্ষক স্বপন চন্দ্র দেবনাথের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর উপপরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলী।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিফাত আসমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা, জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, পৌর আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নইম উল্লাহ চৌধুরী বরাত ও জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজিসহ প্রমুখ। এসময় বক্তব্য রাখেন এনজিও সংস্থার জেলা সভাপতি লিয়াকত আলী আরমান, রেনেসাঁর নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম জীবন ও প্রিয়াঙ্গন ইয়ুথ সোসাইটির শাহাদাত হোসেন লিটন।