প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
এবার পরশুরামে দিনে-দুপুরে দুই বাসায় ঢুকে মালামাল লুট
পরশুরাম প্রতিনিধি ||
সকাল সাড়ে ১০টা। বাসায় তালা লাগিয়ে বাজারে গিয়েছিলেন তারা। কিন্তু ফিরে এসে দেখেন, দরজার তালা ভেঙে ঘরের স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে চোরের দল। মুহূর্তেই যেন এলোমেলো হয়ে যায় দুই পরিবারের স্বাভাবিক জীবন। পরশুরাম পৌর এলাকার কলেজ রোডে দিনে দুপুরে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। পরশুরাম গ্যাস কামরুলের বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকা দুটি পরিবারের ফ্ল্যাটের দরজার তালা ভেঙে প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও নগদ ২৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী জেবুন্নাহার রিপা স্বামী মো. ইদ্রিস। তারা চিথলিয়া ইউনিয়নের জঙ্গলঘোনা এলাকার বাসিন্দা। তিনি জানান, সকালে বাসায় তালা লাগিয়ে কেনাকাটা করতে পরশুরাম বাজারে যান তারা। এই সুযোগে চোরেরা বাসার দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে বাসা থেকে প্রায় দুই ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। অন্য ভুক্তভোগী হাজেরা খাতুনের স্বামী মহি উদ্দিন। তাদের বাড়ি উত্তর শালধর এলাকায়। তাদের বাসা থেকে দুই জোড়া কানের দুলসহ প্রায় দেড় ভরি স্বর্ণালংকার এবং নগদ ২৫ হাজার টাকা চুরি হয়েছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দিনের বেলায় বাসার তালা ভেঙে এমন চুরির ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন দুই পরিবারের সদস্যরা। নিজেদের কষ্টার্জিত সম্পদ হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন তারা।এ ব্যাপারে জানতে চাইলে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম জানান, চুরির ঘটনা তদন্তে আশপাশের সিসিটিভি ফুটেজগুলো পর্যালোচনা করে দেখা হচ্ছে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী