প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
নাঈমুল মাসুম ||
জ্ঞান কখনো স্থির কোনো জলাধার নয়, যার চারপাশে দেয়াল তুলে তাকে সংরক্ষণ করলেই দায়িত্ব শেষ হয়। জ্ঞান এক অবিরাম যাত্রা। প্রতিটি উত্তর নতুন প্রশ্নের জন্ম দেয়, প্রতিটি আবিষ্কার খুলে দেয় অজানার আরেকটি দরজা। যে সমাজ প্রশ্ন করার সাহস হারায়, সে একসময় নিজের চিন্তার শক্তিও হারিয়ে ফেলে। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও কথাটি সত্য। সেখানে নতুন চিন্তার জন্ম না হলে, পুরোনো জ্ঞানকে নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করানো না গেলে, প্রতিষ্ঠানটি ক্রমে তার প্রাণশক্তি হারায়। সনদ বিতরণ তখন শিক্ষার প্রধান পরিচয় হয়ে ওঠে, অথচ শিক্ষার আসল উদ্দেশ্য থেকে যায় অধরা। বাংলাদেশের উচ্চশিক্ষার সামনে আজ বড় প্রশ্ন, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কি শিক্ষিত মানুষ তৈরি করছে, নাকি কেবল ডিগ্রিধারীর সংখ্যা বাড়াচ্ছে?বিশ্ববিদ্যালয় কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবনের শেষ সিঁড়ি নয়; এটি তার বুদ্ধিবৃত্তিক অভিযাত্রার নতুন সূচনা। এখানে এসে একজন শিক্ষার্থী কেবল বইয়ের তথ্য জানবেন না, সেই তথ্যের যথার্থতা যাচাই করতেও শিখবেন। প্রচলিত ধারণার সঙ্গে নিজের যুক্তির মিল-অমিল খুঁজবেন, সমাজের পরিচিত সমস্যাকে নতুন চোখে দেখবেন, প্রয়োজনে প্রতিষ্ঠিত মতের বিরুদ্ধেও দাঁড়াবেন। এই স্বাধীনতা না থাকলে উচ্চশিক্ষা অসম্পূর্ণ থেকে যায়। কারণ, যে শিক্ষার্থী প্রশ্ন করতে শেখেননি, তিনি জানা কথার পুনরাবৃত্তি করতে পারেন; কিন্তু অজানার মুখোমুখি দাঁড়িয়ে নতুন কিছু আবিষ্কারের সাহস কতটা অর্জন করবেন, সেই প্রশ্ন থেকেই যায়।বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে ঘিরে শিক্ষক নিয়োগ, গবেষণার পরিবেশ, ছাত্র রাজনীতি, শিক্ষার মান ও শিক্ষার্থীদের মানসিক চাপ নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। এসব সমস্যাকে আলাদা আলাদা করে দেখলে তাদের গভীরতা বোঝা কঠিন। একজন যোগ্য শিক্ষক নিয়োগ না পেলে ক্ষতিটা কেবল তাঁর ব্যক্তিগত বঞ্চনায় সীমাবদ্ধ থাকে না; শিক্ষার্থীরা এমন একজন শিক্ষকের কাছ থেকেও বঞ্চিত হন, যিনি তাঁদের চিন্তার জগৎ প্রসারিত করতে পারতেন। গবেষণার সুযোগ সংকুচিত হলে নতুন জ্ঞান তৈরির পথ বন্ধ হয়। আবার ভিন্নমত প্রকাশের পরিবেশ না থাকলে শিক্ষক ও শিক্ষার্থী উভয়েই নিজেদের প্রশ্ন ও উপলব্ধি প্রকাশে সতর্ক হয়ে পড়েন। এভাবে একটি সমস্যার প্রভাব আরেকটিকে দুর্বল করে, আর বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ হারায় তার সৃজনশীল শক্তি।বিশ্ববিদ্যালয়ে রাজনীতি থাকবে কি না, আলোচনাটি সেভাবে দেখার অবকাশ নেই। আমাদের ইতিহাসে শিক্ষার্থীদের রাজনৈতিক ও সামাজিক ভূমিকার গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে। ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধে ছাত্র সমাজের অবদান বাংলাদেশের আত্ম-পরিচয়ের অংশ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাজ ও রাষ্ট্রের অন্যায় নিয়ে কথা বলবেন, অধিকার সম্পর্কে সচেতন হবেন, নেতৃত্বের চর্চা করবেন—এটাই স্বাভাবিক। সমস্যা তৈরি হয়, যখন রাজনৈতিক সচেতনতার জায়গা দখল করে দলীয় আনুগত্য, যখন মতের পার্থক্য সহাবস্থানের বদলে বিরোধিতার কারণ হয়ে ওঠে, কিংবা শিক্ষার পরিবেশে প্রভাব বিস্তারের উপায় হয়ে দাঁড়ায় রাজনৈতিক পরিচয়।বিশ্ববিদ্যালয়ের রাজনীতি শিক্ষার্থীকে যুক্তিবাদী, দায়িত্বশীল ও গণতান্ত্রিক মানুষ হতে সাহায্য করতে পারে। কিন্তু সেই রাজনীতিই যদি ভিন্নমতের শিক্ষার্থীকে অনিরাপদ বোধ করায়, তবে তার শিক্ষামূলক ভূমিকা প্রশ্নের মুখে পড়ে। একটি বিশ্ববিদ্যালয়ে বিতর্ক থাকবে, মতবিরোধ থাকবে, কখনো তীব্র সমালোচনাও হবে। কিন্তু এসবের মধ্যে যেন কারও নিরাপত্তা, শিক্ষার অধিকার কিংবা মতপ্রকাশের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত না হয়। বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সংস্কৃতির মান বোঝা যায় সেখানে কতজন একটি দলের পক্ষে কথা বলছেন, তা দিয়ে নয়; বরং ভিন্নমতের মানুষ কতটা নির্ভয়ে নিজের কথা বলতে পারছেন, তা দিয়ে।এই পরিবেশ তৈরির অন্যতম শর্ত যোগ্য ও স্বাধীনচেতা শিক্ষক নিয়োগ। একজন ভালো শিক্ষক পাঠ্যসূচি শেষ করার বাইরেও শিক্ষার্থীর মধ্যে জানার আগ্রহ তৈরি করেন। কোনো বিষয় নিয়ে সন্দেহ থাকলে তা প্রকাশ করতে উৎসাহ দেন, ভুল উত্তরকে অপমানের কারণ না বানিয়ে শেখার সুযোগ করে দেন। তাঁর কাছ থেকে শিক্ষার্থী বোঝেন, জ্ঞান মানে শুধু সঠিক উত্তর জানা নয়; কেন একটি উত্তর সঠিক, তার যুক্তিও বুঝতে হয়। ফলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা, বিষয়ভিত্তিক জ্ঞান, গবেষণা, পাঠদানের দক্ষতা ও সততাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা না থাকলে এর প্রভাব দীর্ঘস্থায়ী হয়। একটি বিভাগে যোগ্য শিক্ষক না থাকলে শিক্ষার্থীরা মানসম্মত পাঠদান থেকে বঞ্চিত হন, গবেষণার পরিসর সংকুচিত হয় এবং পরবর্তী প্রজন্মের শিক্ষক তৈরির ধারাও দুর্বল হয়ে পড়ে। এ ক্ষতি সহজে পরিমাপ করা যায় না, কিন্তু তার প্রভাব বহু বছর ধরে থাকে। তাই শিক্ষক নিয়োগে প্রকাশ্য ও যাচাইযোগ্য মানদণ্ড, নিরপেক্ষ মূল্যায়ন, যোগ্যতা ও গবেষণার যথাযথ পর্যালোচনা এবং অভিযোগ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা থাকা জরুরি। নিয়োগের সিদ্ধান্তে রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত সুপারিশের পরিবর্তে প্রার্থীর যোগ্যতা নির্ধারক হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোনো ক্ষমতাকেন্দ্রের প্রতিনিধি নন; তিনি জ্ঞানচর্চা ও বিবেকের স্বাধীনতার প্রতিনিধি।শিক্ষার মান নিয়েও আমাদের দৃষ্টিভঙ্গি বদলানো দরকার। পরীক্ষায় ভালো ফল করা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সেটিই শিক্ষার পূর্ণাঙ্গ মাপকাঠি নয়। একজন শিক্ষার্থী বহু বছর পড়াশোনা করে ডিগ্রি অর্জন করলেন, অথচ কোনো সামাজিক সমস্যার কারণ বিশ্লেষণ করতে পারলেন না, তথ্যের সত্যতা যাচাই করতে শিখলেন না, নিজের বক্তব্য যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করতে পারলেন না—তাহলে তাঁর শিক্ষার একটি বড় অংশ অপূর্ণ থেকে গেল। মুখস্থবিদ্যা হয়তো পরীক্ষার খাতায় ভালো নম্বর এনে দিতে পারে, কিন্তু বাস্তব জীবনের জটিল প্রশ্নের মুখোমুখি হওয়ার প্রস্তুতি দেয় না।শ্রেণিকক্ষে তাই শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ বাড়াতে হবে। শিক্ষক কথা বলবেন, শিক্ষার্থীরা শুনবেন—শিক্ষার সম্পর্কটি কেবল এতটুকুতে সীমাবদ্ধ থাকা উচিত নয়। প্রশ্ন, আলোচনা, বিতর্ক, প্রকল্প, ব্যবহারিক কাজ ও বাস্তব সমস্যার বিশ্লেষণ পাঠদানের নিয়মিত অংশ হওয়া প্রয়োজন। শিক্ষার্থীরা যেন পাঠ্যবইয়ের বাইরের জগৎকে বুঝতে শেখেন এবং নিজের অর্জিত জ্ঞান প্রয়োগের সুযোগ পান। এজন্য শিক্ষকদেরও প্রয়োজন যথাযথ প্রশিক্ষণ, প্রয়োজনীয় উপকরণ এবং পাঠদানের স্বাধীনতা।বিশ্ববিদ্যালয়ের সাফল্য শেষ পর্যন্ত কতজন শিক্ষার্থী ডিগ্রি পেলেন, তা দিয়ে পুরোপুরি বোঝা যাবে না। দেখতে হবে, তাঁরা কী শিখলেন, কী করতে পারলেন এবং সমাজে তাঁদের জ্ঞানের কী অবদান রইল। এই মূল্যায়নে শিক্ষার মান, গবেষণার সুযোগ, শিক্ষার্থীদের দক্ষতা ও কর্মক্ষেত্রে জ্ঞানের প্রয়োগকে গুরুত্ব দিতে হবে। বিশ্ববিদ্যালয় ও কর্মক্ষেত্রের মধ্যে সহযোগিতা বাড়ানো প্রয়োজন, তবে উচ্চশিক্ষাকে কেবল চাকরির বাজারের চাহিদা পূরণের প্রতিষ্ঠানে পরিণত করা ঠিক হবে না। মানুষের এমন অনেক জ্ঞান ও সৃজনশীলতার প্রয়োজন রয়েছে, যার মূল্য তাৎক্ষণিক কর্মসংস্থানের হিসাব দিয়ে নির্ধারণ করা যায় না।গবেষণার বিষয়টি এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অন্য দেশের বই পড়া, প্রতিষ্ঠিত তত্ত্ব জানা কিংবা বিদেশি গবেষণার ফল নিজেদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা জ্ঞানচর্চার প্রয়োজনীয় অংশ। কিন্তু বিশ্ববিদ্যালয় যদি কেবল অন্যের অর্জিত জ্ঞান গ্রহণ করেই সন্তুষ্ট থাকে, তবে বিশ্বজ্ঞানচর্চায় তার নিজস্ব অবদান কোথায়? বাংলাদেশের নদীভাঙন, জলবায়ু পরিবর্তন, কৃষি, জনস্বাস্থ্য, নগরায়ণ, শিল্পায়ন, প্রযুক্তি, ভাষা, ইতিহাস ও সামাজিক বৈষম্য নিয়ে এমন গবেষণা প্রয়োজন, যা দেশের বাস্তব সমস্যাকে গভীরভাবে বুঝতে সাহায্য করবে। এসব গবেষণার ফল স্থানীয় মানুষের জীবন, সরকারি নীতি, শিল্পের বিকাশ কিংবা সামাজিক উদ্যোগে কার্যকর ভূমিকা রাখতে পারে।গবেষণার গুরুত্ব বিজ্ঞান ও প্রযুক্তিতে সীমাবদ্ধ নয়। সাহিত্য, দর্শন, ইতিহাস, ভাষা ও সমাজবিজ্ঞানের গবেষণাও একটি জাতিকে নিজের পরিচয়, সংকট ও সম্ভাবনা বুঝতে সাহায্য করে। প্রযুক্তি আমাদের কাজের পদ্ধতি বদলে দিতে পারে, কিন্তু সেই প্রযুক্তি মানুষের জীবনে কী প্রভাব ফেলছে, তার নৈতিক ও সামাজিক মূল্য কী—এসব প্রশ্নের উত্তর পেতেও জ্ঞানচর্চা প্রয়োজন। যে বিশ্ববিদ্যালয় বিজ্ঞানকে এগিয়ে নিতে চায়, তার মানবিক জ্ঞানচর্চাকেও সমান মর্যাদা দিতে হবে।শিক্ষার্থীদের গবেষণার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া উচিত স্নাতক পর্যায় থেকেই। গবেষণাগারে কাজ, মাঠ সমীক্ষা, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, গবেষণাপত্র রচনা এবং অভিজ্ঞ গবেষকদের সঙ্গে কাজ করার সুযোগ তাঁদের আত্মবিশ্বাস বাড়াতে পারে। এজন্য পর্যাপ্ত অর্থায়ন, সমৃদ্ধ গ্রন্থাগার, বৈজ্ঞানিক উপকরণ, তথ্যভাণ্ডারে প্রবেশাধিকার এবং দক্ষ পরামর্শক প্রয়োজন। ভালো গবেষণার জন্য প্রতিযোগিতামূলক অনুদান দিতে হবে নিরপেক্ষ মূল্যায়নের ভিত্তিতে। গবেষণার মান ও মৌলিকত্বকে গুরুত্ব দিতে হবে; কেবল প্রকাশনার সংখ্যা দিয়ে সাফল্য বিচার করলে সংখ্যার প্রতি আগ্রহ বাড়তে পারে, কিন্তু জ্ঞানের গভীরতা নিশ্চিত হয় না।গবেষণার অর্থায়নে স্বচ্ছতাও জরুরি। কোন গবেষণায় অর্থ ব্যয় হচ্ছে, কী উদ্দেশ্যে অনুদান দেওয়া হচ্ছে এবং গবেষণার ফল কী—এসব বিষয়ে নিয়মিত তথ্য প্রকাশ করা প্রয়োজন। গবেষককে তাঁর কাজের জন্য প্রয়োজনীয় স্বাধীনতা দিতে হবে, যাতে অর্থায়নকারী প্রতিষ্ঠান বা প্রভাবশালী কোনো পক্ষের প্রত্যাশা গবেষণার ফল নির্ধারণ না করে। একই সঙ্গে গবেষণার ফল সাধারণ মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা থাকা দরকার। কৃষকের উৎপাদন, রোগীর চিকিৎসা, নগরবাসীর জীবন কিংবা পরিবেশ রক্ষায় গবেষণার বাস্তব প্রয়োগ দেখা গেলে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমাজের সম্পর্ক আরও অর্থবহ হবে।বিশ্ববিদ্যালয়ের ভেতরে এমন পরিবেশও থাকা প্রয়োজন, যেখানে শিক্ষার্থীরা নিজেদের মানুষ হিসেবে বিকশিত হওয়ার সুযোগ পাবেন। উচ্চশিক্ষার সময়টি অনেকের জন্য সম্ভাবনা ও অনিশ্চয়তার যুগপৎ অভিজ্ঞতা। পরীক্ষার চাপ, পরিবারের প্রত্যাশা, আর্থিক সীমাবদ্ধতা, ভবিষ্যৎ কর্মসংস্থানের দুশ্চিন্তা এবং আবাসিক জীবনের নানা সমস্যা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। তাঁদের জন্য সহজলভ্য পরামর্শসেবা, মানসিক স্বাস্থ্য সহায়তা, নিরাপদ আবাসন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। সাহায্য চাইতে গিয়ে যেন কোনো শিক্ষার্থী লজ্জা বা অবহেলার শিকার না হন, সেই সংবেদনশীলতাও গড়ে তুলতে হবে।একজন শিক্ষার্থীর সম্ভাবনা পরীক্ষার ফলের চেয়ে অনেক বড়। কেউ ভালো লেখেন, কেউ নতুন ধারণা নিয়ে ভাবেন, কেউ মানুষের সঙ্গে কাজ করতে পারেন, কেউ প্রযুক্তিতে দক্ষ, কেউ শিল্প-সাহিত্যে নিজের প্রকাশ খুঁজে পান। বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব এসব সম্ভাবনাকে চিনতে সাহায্য করা। ভুল করার সুযোগ, মতপ্রকাশের নিরাপত্তা এবং নিজের আগ্রহ অনুসন্ধানের স্বাধীনতা ছাড়া সৃজনশীলতা পূর্ণতা পায় না। যে পরিবেশে শিক্ষার্থী সবসময় শাস্তি, অপমান কিংবা ব্যর্থতার ভয়ে থাকেন, সেখানে নতুন কিছু চেষ্টা করার সাহসও সংকুচিত হয়ে পড়ে।আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গেও এই শিক্ষাদর্শনের গভীর সম্পর্ক রয়েছে। স্বাধীনতার অর্থ কেবল একটি ভূখণ্ডের সার্বভৌমত্ব নয়; মানুষের মর্যাদা, চিন্তা, বিবেক ও মতপ্রকাশের স্বাধীনতাও এর অবিচ্ছেদ্য অংশ। মুক্তিযুদ্ধের ইতিহাসকে সম্মান করার অর্থ ইতিহাস নিয়ে গবেষণার দরজা বন্ধ করে দেওয়া নয়। সত্যনিষ্ঠ অনুসন্ধান, প্রমাণ ও যুক্তির মধ্য দিয়েই ইতিহাস আরও সমৃদ্ধ হয়। দেশপ্রেমের অর্থ দেশের সবকিছুকে প্রশ্নের ঊর্ধ্বে রাখা নয়; দেশের দুর্বলতা চিহ্নিত করে তা সংশোধনের জন্য জ্ঞান ও সততা নিয়ে কাজ করাও দেশপ্রেমের অংশ।বিশ্ববিদ্যালয় পরিচালনায় সংস্কারের প্রশ্নটি তাই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। উপাচার্য ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগের ক্ষেত্রে নেতৃত্বের দক্ষতা, প্রাতিষ্ঠানিক সততা, শিক্ষা দান ও গবেষণার অভিজ্ঞতা এবং বিশ্ববিদ্যালয় পরিচালনার যোগ্যতাকে গুরুত্ব দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন রক্ষা করতে হবে, যাতে শিক্ষাদান ও গবেষণার সিদ্ধান্ত অযাচিত হস্তক্ষেপের শিকার না হয়। একই সঙ্গে অর্থের ব্যবহার, প্রশাসনিক সিদ্ধান্ত এবং শিক্ষার মান সম্পর্কে জবাবদিহি নিশ্চিত করা জরুরি। স্বায়ত্তশাসন মানে দায়িত্বহীনতা নয়; এর অর্থ হলো প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনের স্বাধীনতা, যার সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহি অঙ্গাঙ্গিভাবে যুক্ত।পাঠ্যক্রম নিয়মিত পর্যালোচনা, দেশি-বিদেশি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা, শিক্ষার্থীদের জন্য বৃত্তি এবং গবেষকদের জন্য দীর্ঘমেয়াদি সহায়তা বাড়াতে হবে। মেধাবী শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা নেবেন, আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন করবেন—এটি স্বাভাবিক ও ইতিবাচক। কিন্তু দেশের বিশ্ববিদ্যালয়গুলোতেও এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে গবেষকরা তাঁদের কাজ চালিয়ে যাওয়ার সুযোগ পাবেন, নতুন ধারণা নিয়ে কাজ করতে পারবেন এবং নিজেদের অর্জনের যথাযথ স্বীকৃতি পাবেন। দেশের বিশ্ববিদ্যালয় যদি মেধা বিকাশের উপযুক্ত ক্ষেত্র তৈরি করতে পারে, তবে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া আর দেশে সুযোগ না পাওয়ার সমার্থক হয়ে থাকবে না।সব সংস্কারের কেন্দ্রে থাকা উচিত একটি সহজ উপলব্ধি: বিশ্ববিদ্যালয়কে শক্তিশালী করা মানে কেবল তার ভবন, অবকাঠামো কিংবা ডিগ্রির সংখ্যা বাড়ানো নয়। এর প্রকৃত শক্তি তৈরি হয় শ্রেণিকক্ষের প্রশ্নে, গবেষণাগারের অনুসন্ধানে, গ্রন্থাগারে দীর্ঘ সময় কাটানো শিক্ষার্থীর কৌতূহলে এবং ভিন্নমতের প্রতি সম্মান দেখানো শিক্ষক ও শিক্ষার্থীর আচরণে। এসবের জন্য অর্থ ও অবকাঠামো দরকার, কিন্তু তার পাশাপাশি প্রয়োজন স্বাধীন চিন্তার প্রতি প্রাতিষ্ঠানিক শ্রদ্ধা।আমরা এমন বিশ্ববিদ্যালয় চাই, যেখানে একজন শিক্ষার্থী ক্ষমতাওয়ানকে প্রশ্ন করতে ভয় পাবেন না, একজন শিক্ষক নিজের গবেষণার ফল প্রকাশে অযাচিত চাপ অনুভব করবেন না, আর একজন গবেষক তাঁর কাজের স্বীকৃতি পাবেন যোগ্যতার ভিত্তিতে। সেখানে নতুন সাহিত্য, নতুন দর্শন, নতুন প্রযুক্তি ও নতুন বৈজ্ঞানিক ধারণার জন্ম হবে। বিশ্ববিদ্যালয় পৃথিবীর কাছ থেকে শিখবে, আবার নিজের গবেষণা ও চিন্তার মধ্য দিয়ে পৃথিবীর জ্ঞানভাণ্ডারেও অবদান রাখবে।একটি জাতির ভবিষ্যৎ নির্ধারিত হয় তার মানুষের চিন্তার গভীরতা, সত্য অনুসন্ধানের সাহস এবং নতুন কিছু আবিষ্কারের সামর্থ্যে। বিশ্ববিদ্যালয় যদি শিক্ষার্থীকে কেবল জানা উত্তর মনে রাখতে শেখায়, তবে সে অতীতের জ্ঞান বহন করতে পারবে; কিন্তু ভবিষ্যতের অজানা প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার প্রস্তুতি কতটা নিতে পারবে? আমাদের উচ্চশিক্ষার সার্থকতা সেখানে, যেখানে শিক্ষার্থী নিজের সমাজকে বুঝতে শিখবেন, প্রচলিত ধারণা যাচাই করবেন এবং প্রয়োজন হলে নতুন পথ নির্মাণ করবেন। বিশ্ববিদ্যালয়ের আকাশে জ্ঞানের নতুন সূর্য উদিত হয় কোনো ঘোষণায় নয়, মানুষের চিন্তার স্বাধীনতা, গবেষণার সততা ও প্রশ্ন করার সাহসের মধ্য দিয়ে। সেই আলোয় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো একদিন কেবল শিক্ষিত মানুষ তৈরির প্রতিষ্ঠান হয়ে থাকবে না; হয়ে উঠবে এমন এক সমাজ নির্মাণের প্রাণকেন্দ্র, যে সমাজ জানে কীভাবে শিখতে হয়, কীভাবে ভাবতে হয় এবং কীভাবে নিজের ভবিষ্যৎ নিজেই নির্মাণ করতে হয়।লেখক: কবি ও প্রাবন্ধিক