প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬
১০ মাসে আক্রান্ত ১৩২২, অর্ধেকের বেশি অক্টোবরে
নিজস্ব প্রতিবেদক ||
ফেনীতে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে। চলতি বছরের প্রথম ১০ মাসে জেলায় ১ হাজার ৩২২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে অক্টোবরের প্রথম ২৯ দিনেই শনাক্ত হয়েছেন ৫৭৯ জন। গত বছরের পুরো সময়ের তুলনায় চলতি বছরের ১০ মাসেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে ছয় গুণের বেশি।স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, শুক্রবার (৩০ অক্টোবর) পর্যন্ত ফেনী জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩২২। গত বছর একই জেলায় সারা বছরে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ২০১ জন। সে হিসাবে গত বছরের তুলনায় চলতি বছর আক্রান্তের সংখ্যা বেড়েছে ১ হাজার ১২১ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ৬ দশমিক ৬ গুণ।সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ১৭৫ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ফেনী সদরে ২৩ জন, দাগনভূঞায় ৩ জন এবং ছাগলনাইয়ায় ১ জন রয়েছেন।স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, আগস্টে জেলায় ডেঙ্গু শনাক্তের সংখ্যা ছিল ১৪৫। সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়ায় ৪৯৭ জনে। অক্টোবরের প্রথম ২৯ দিনেই শনাক্ত হয়েছেন ৫৭৯ জন। অর্থাৎ, সাম্প্রতিক সময়ে জেলায় ডেঙ্গু সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা স্পষ্ট।ফেনী জেলায় উপজেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ফেনী সদরে। মোট আক্রান্তের মধ্যে এ উপজেলায় শনাক্ত হয়েছেন ৯৯৮ জন। এ ছাড়া সোনাগাজীতে ১২২ জন, দাগনভূঞায় ৯০ জন, ছাগলনাইয়ায় ৬৪ জন, পরশুরামে ৩২ জন এবং ফুলগাজীতে ১৬ জন ডেঙ্গু শনাক্ত হয়েছেন।চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৮৮০ জন।চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৪১ জন। বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে ৩২ জন রোগী ভর্তি রয়েছেন। এ ছাড়া ছাগলনাইয়া, দাগনভূঞা ও পরশুরামে দুজন করে এবং সোনাগাজীতে একজন রোগী চিকিৎসাধীন রয়েছেন।এদিকে ফেনী শহরের রামপুর, শাহীন একাডেমি ও পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, আগে ডেঙ্গুর প্রকোপ মূলত ঢাকা শহরকেন্দ্রিক বলে মনে করা হলেও এখন জেলা শহর থেকে গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়ছে এ মশাবাহিত রোগ। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের সমন্বিত ও জোরালো মশক নিধন কার্যক্রম আরও দৃশ্যমান হওয়া প্রয়োজন। ফেনী পৌরসভার স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তা ডা. কৃষ্ণপদ সাহা বলেন, ফেনী শহরে মানুষের চাপ ব্যাপকভাবে বেড়েছে। ফলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এডিস মশার বংশবিস্তার রোধে পৌরসভার পক্ষ থেকে নিয়মিত মশক নিধন কার্যক্রম চালানো হচ্ছে। সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামান বলেন, জেলায় ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তবে সচেতনতা বাড়ানো এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সিভিল সার্জন আরও জানান, ডেঙ্গু পরীক্ষার জন্য জেলায় বর্তমানে ২ হাজার ৭৪২টি টেস্ট কিট মজুত রয়েছে। এর মধ্যে ফেনী সদরে ২ হাজার ২০৭টি, ছাগলনাইয়ায় ২৯৮টি, সোনাগাজীতে ১০০টি, দাগনভূঞায় ৮২টি, ফুলগাজীতে ৩৫টি এবং পরশুরামে ২০টি কিট রয়েছে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী