প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
অক্টোবর মাসে তৃতীয়বার ফেনীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড
শহর প্রতিনিধি ||
অক্টোবরের শেষ প্রান্তেও কমছে না ফেনীর গরম। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ নিয়ে অক্টোবর মাসে তৃতীয়বারের মতো ফেনীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হলো। এতে দিনের বেলায় বাইরে চলাচল ও খোলা আকাশের নিচে কাজ করা মানুষের ভোগান্তি বেড়েছে।ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।এর আগের দিন বুধবার (২৮ অক্টোবর) ফেনী, বাঘাবাড়ী ও রামগতিতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এ ছাড়া গত ৮ অক্টোবর ফেনী ও রামগতিতে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।গত ২৬ সেপ্টেম্বর ফেনী ও শ্রীমঙ্গলে ৩৫ দশমিক ৫ ডিগ্রি এবং ১৯ সেপ্টেম্বর ফেনীতে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।স্থানীয় বাসিন্দারা জানান, সকাল থেকেই গরম অনুভূত হলেও দুপুরের দিকে তা আরও বাড়ছে। ঘরের ভেতরে ও বাইরে কোথাও স্বস্তি মিলছে না। বিশেষ করে রোদে দীর্ঘ সময় অবস্থান করতে হওয়ায় দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক ও কৃষিশ্রমিকদের দুর্ভোগ বেশি হচ্ছে। জীবিকার তাগিদে তীব্র গরম উপেক্ষা করেই তাঁদের কাজ করতে হচ্ছে।তাপমাত্রা বেশি থাকায় দিনের বেলায় বাইরে বের হওয়া নিয়েও অস্বস্তিতে রয়েছেন সাধারণ মানুষ। প্রয়োজনীয় কাজে বাইরে বের হলেও অনেকে রোদ এড়িয়ে চলার চেষ্টা করছেন। দুপুরের তীব্র গরমে স্বাভাবিক চলাফেরাও কষ্টকর হয়ে উঠছে বলে জানিয়েছেন স্থানীয়রা।এ অবস্থায় প্রয়োজন ছাড়া তীব্র রোদে বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা, বাইরে বের হলে ছাতা ব্যবহার বা মাথা ঢেকে রাখা এবং অতিরিক্ত শারীরিক পরিশ্রম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যসংশ্লিষ্টরা। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং খোলা আকাশের নিচে কাজ করা মানুষদের গরমের বিষয়ে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।