প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
‘ইয়াবা সেবনে’ কাগুজে টাকা, কোণা পোড়া নোট নিয়ে বিড়ম্বনা
মোর্শেদ, ফুলগাজী ||
দেখতে ঝকঝকে, কিন্ত টাকার কোণায় রয়েছে পোড়া দাগ। ৫, ১০, ২০ থেকে শুরু করে ১০০ টাকার এমন কোণা পোড়া কাগজের নোট ঘুরছে ফুলগাজী উপজেলার বিভিন্ন হাটবাজারে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ইয়াবা সেবনের জন্য এসব নতুন ও শক্ত কাগুজে নোট ব্যবহার করে থাকে মাদকসেবিরা। এতে আগুন বা তাপের সংস্পর্শে নোটের কোণা পুড়ে যেতে পারে। হাত ঘুরে এসব নোট আবার ফিরে আসছে বাজারে। আর এতে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ।সরেজমিনে উপজেলার মুন্সীরহাট, জিএমহাট, আমজাদহাট ও ফুলগাজী সদর বাজার ঘুরে পোড়া কোণাযুক্ত নোটের উপস্থিতি দেখা গেছে। মুন্সীরহাটের কমুয়া সড়কের এক দোকানি ১০০ টাকার একটি পোড়া নোট হাতে নিয়ে এক ক্রেতার সঙ্গে কথা বলছিলেন। নোটটি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এমন টাকা মাঝেমধ্যে কৌশলে ভিড়ের মধ্যে ধরিয়ে দেওয়া হয়। নেওয়ার সময় খেয়াল করতে পারিনি। পরে দেখি, নোটের কোণা পোড়া। কেউ নিতে চায় না।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ফেনীতে মাদক আইনে ১০৫টি মামলা করা হয়েছে। এসব মামলায় আসামি ১২০ জন এবং আলামত হিসেবে জব্দ করা হয়েছে ৯ হাজার ১৮৯ পিস ইয়াবা।বাজারের বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, পোড়া কোণাযুক্ত নোট নিতে অনেকেই অনীহা প্রকাশ করেন। ফলে একই টাকা নিয়ে এক দোকান থেকে অন্য দোকানে ঘুরতে হয় গ্রাহকদের। যানবাহনের ভাড়া দিতে গিয়েও বিড়ম্বনায় পড়তে হয় যাত্রীদের। আবদুর রাজ্জাক নামে ফুলগাজী সদরের এক দোকানি বলেন, পোড়া কিংবা ছেঁড়া-ফাটা টাকা নিতে না চাইলে কখনো কখনো ক্রেতার ধমক শুনতে হয়। ভিড়ের মধ্যে এমন নোট হাতে এলে তাৎক্ষণিকভাবে শনাক্ত করাও কঠিন।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ইয়াবাসেবী জানান, ইয়াবা সেবনের সময় ধোঁয়া টানতে কেউ কেউ নতুন কাগুজে নোট পেঁচিয়ে নলের মতো ব্যবহার করে থাকে। তাদের ভাষ্য, এ সময় আগুন বা তাপের সংস্পর্শে নোটের কোণা পুড়ে যেতে পারে। তবে বাজারে পাওয়া প্রতিটি পোড়া নোট এভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ফুলগাজীর মুন্সীরহাট, জিএমহাট, সদর ও আনন্দপুরসহ বিভিন্ন এলাকায় ইয়াবা সেবন ও কারবার নিয়ে উদ্বেগ রয়েছে। তাদের অভিযোগ, ধনী-দরিদ্র নানা পরিবারের তরুণদের একটি অংশ মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। তবে সামাজিক চাপ ও নিরাপত্তার আশঙ্কায় অনেকে প্রকাশ্যে এ বিষয়ে কথা বলতে চান না।ফুলগাজী সোনালী ব্যাংকের ব্যবস্থাপক গোপাল চন্দ্র মজুমদার বলেন, নীতিমালা অনুযায়ী, ছেঁড়া টাকার দুই-তৃতীয়াংশ ভালো থাকলে এবং মুদ্রার নম্বর ঠিক থাকলে তা গ্রহণযোগ্য। পোড়া টাকাও সামান্য ক্ষতিগ্রস্ত হলে নেওয়া যায়। জাতীয় মুদ্রা ব্যবহারে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে সচেতন থাকতে হবে।এ ব্যাপারে জানতে কথা হয় ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়ার সঙ্গে। তিনি বলেন, আমার সঙ্গে পরামর্শ না করে নিজেরা আলোচনা করেন, সবকিছু কি ওসির সঙ্গে বলতে হবে? ছেঁড়া টাকা পাওয়া যায়, এসব কথা কেন? এমনিতেই আমরা দুর্বল সংস্থা, পুলিশ সবচেয়ে নিরীহ প্রাণী। সবচেয়ে দুর্বল মানুষ। এটা নিয়ে কেন যে টানাটানি করেন, বুঝতেছি না। নোটের কোণা পোড়ার কারণ তার জানা নেই উল্লেখ করে ওসি বলেন, এটি তার বিষয় নয়।যা বলছে ডিএনসিএ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বলেন, ইয়াবা একটি সর্বগ্রাসী মাদক। সম্প্রতি রামিসা, অপ্রতীমের হত্যাকাণ্ডের পেছনেও এ ইয়াবার সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যায়। পোড়া টাকার বিষয়ে অভিযোগ পাননি উল্লেখ করে তিনি বলেন, এটা সত্যি, যেকোনো কাগুজে মুদ্রা মাদককারবারীরা ইয়াবা সেবনে ব্যবহার করে।নতুন আইনের বিষয়ে তিনি বলেন, মোবাইলে কেউ যদি মাদক কেনাবেচা করে, তা সেবনরত অবস্থায় স্ক্যানিং করে, ফরেনসিক পরীক্ষা করে মোবাইল কোর্ট পরিচালনা করা যাবে। পোড়া টাকা ব্যবহার করে ইয়াবা সেবনের বিষয়ে আইনে কোনো ব্যবস্থা নেই। এ জন্য প্রতিনিয়ত স্কুল-কলেজে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করে নতুন প্রজন্মের মধ্যে মাদকবিরোধী সচেতনতা তৈরি এবং সুশীল সমাজের উদ্যোগের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এই কর্মকর্তা।ক্ষতিগ্রস্ত হতে পারে স্নায়ুতন্ত্র-ফুসফুসইয়াবা একটি ক্ষতিকর মাদক। এর সেবনে স্নায়ুতন্ত্র ও ফুসফুসের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। এর পাশাপাশি ইয়াবা সেবনের সময় কাগুজে নোট ব্যবহার করা হলে, নোট পোড়ার ফলে সৃষ্ট ধোঁয়া ও অন্যান্য পদার্থের সংস্পর্শেও স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।চিকিৎসকরা বলছেন, ইয়াবার প্রধান উপাদান মেথামফেটামিন মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। এর ফলে ঘুমের সমস্যা, অস্থিরতা, হৃদস্পন্দন ও রক্তচাপ বেড়ে যাওয়া এবং দীর্ঘমেয়াদে মানসিক ও শারীরিক জটিলতা দেখা দিতে পারে। ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে শ্বাসতন্ত্রেও ক্ষতিকর প্রভাব পড়তে পারে।এ ব্যাপারে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া বলেন, ইয়াবা জাতীয় নেশাদ্রব্য এমনিতেই ক্ষতিকর। এর ব্যবহারে স্নায়ুতন্ত্রে, ফুসফুসে প্রদাহ সৃষ্টি করে। পাশাপাশি টাকার মধ্যে ব্যবহৃত রাসায়নিক দ্রব্য ইয়াবার সঙ্গে মানব শরীরে প্রবেশ করে মারাত্মক ক্ষতি করে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী