প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
কক্সবাজারের ট্রেনে ফেনীর যাত্রীদের জন্য কত আসন?
নিজস্ব প্রতিবেদক ||
সমুদ্র দেখতে কক্সবাজার যেতে এবার ফেনী থেকেই ট্রেনে ওঠার সুযোগ মিলছে। তবে সেই যাত্রায় আসন পেতে খুব বেশি বিকল্প থাকছে না যাত্রীদের জন্য। ঢাকা থেকে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেসে ফেনী স্টেশনের জন্য বরাদ্দ রাখা হয়েছে মাত্র ৪৭টি আসন। বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজারের দপ্তর সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে মহানগর এক্সপ্রেসের (৭২২) আসনসংখ্যা ৭০৬টি। আর কক্সবাজার থেকে ঢাকা ফেরার পথে মহানগর এক্সপ্রেসের (৭২১) আসনসংখ্যা ৭৩৬টি।মহানগর এক্সপ্রেসে শোভন চেয়ার নন-এসি শ্রেণির আসন। স্নিগ্ধা শ্রেণিতে রয়েছে এসি আসন। আর এসি বার্থে শুয়ে ভ্রমণের সুবিধা রয়েছে। তবে দিনের বেলায় বসে ভ্রমণের জন্য এসি আসন এবং রাতের যাত্রায় শোয়ার সুবিধাসহ এসি বার্থের ব্যবস্থা রয়েছে।ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে ফেনী স্টেশনের জন্য বরাদ্দ রাখা হয়েছে মাত্র ৪৭টি আসন। এর মধ্যে এসি বার্থের দুটি, স্নিগ্ধার ১৫টি এবং শোভন চেয়ারের ৩০টি আসন। বাকি আসনগুলো অন্যান্য গন্তব্যের যাত্রীদের জন্য বরাদ্দ থাকবে।এ পথে চট্টগ্রাম স্টেশনের জন্য বরাদ্দ রয়েছে এসি বার্থের ১০টি, স্নিগ্ধার ১০০টি ও শোভন চেয়ারের ১৫৫টি আসন।ফেরার পথেও ফেনী ও চট্টগ্রামের যাত্রীদের জন্য আলাদা আসন বরাদ্দ রয়েছে। কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেনে ফেনী স্টেশনের জন্য এসি সিটের ছয়টি, স্নিগ্ধার ২০টি ও শোভন চেয়ারের ৪০টি আসন রাখা হয়েছে। সব মিলিয়ে ফিরতি পথে ফেনীর যাত্রীদের জন্য বরাদ্দ ৬৬টি আসন। অন্যদিকে, চট্টগ্রাম স্টেশনের জন্য রয়েছে এসি সিটের ২১টি, স্নিগ্ধার ৬০টি ও শোভন চেয়ারের ১২৫টি আসন।প্রসঙ্গত, ২০২৩ সালের ১ ডিসেম্বর কক্সবাজার এক্সপ্রেসের মাধ্যমে ঢাকা-কক্সবাজার রুটে বাণিজ্যিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। প্রায় ৩৫ মাস পর আজ সোমবার (২৬ অক্টোবর) রাতে মহানগর এক্সপ্রেসের রুট সম্প্রসারণের মধ্য দিয়ে এই রুটে ট্রেনযাত্রার সুযোগ আরও বিস্তৃত হচ্ছে। আগে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা ট্রেনটি এখন চট্টগ্রাম হয়ে পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত যাবে।