প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
অক্টোবরে ডেঙ্গুর সর্বোচ্চ প্রকোপ
নিজস্ব প্রতিবেদক ||
ফেনীতে চলতি অক্টোবরে ডেঙ্গু শনাক্তের নতুন রেকর্ড তৈরি হয়েছে। চলতি মাসের এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে রেকর্ড ৫০৪ জনে। যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। গত সেপ্টেম্বর মাসে জেলায় সর্বোচ্চ শনাক্ত হয়েছিল ৪৯৭ জন। চলতি বছরের অদ্যাবধি পর্যন্ত জেলায় ১ হাজার ২৪৭ জন রোগীর ডেঙ্গু শনাক্ত হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় পাঁচগুনের বেশি বেড়েছে। ২০২৫ সালে জেলায় ডেঙ্গু শনাক্তের সংখ্যা ছিল ২০১ জন।স্বাস্থ্য বিভাগের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গতকাল শনিবার (২৪ অক্টোবর) গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা করে আরও ২১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৬ জন ফেনী সদর উপজেলায়, ২ জন সোনাগাজী, ১ জন ছাগলনাইয়া ও ২ জন পরশুরাম উপজেলার বাসিন্দা।সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বরে জেলায় ডেঙ্গু রোগী ছিল ৪৯৭ জন। জেলায় সবচেয়ে বেশি ডেঙ্গু শনাক্ত হয়েছে ফেনী সদর উপজেলায়। চলতি বছরে শনাক্তকৃত ১ হাজার ২৪৭ জনের মধ্যে ৯৩৭ জন সদর উপজেলার। এছাড়া দাগনভূঞায় ৮৩, সোনাগাজীতে ১১৮, ছাগলনাইয়ায় ৬১, পরশুরামে ৩২ এবং ফুলগাজী উপজেলায় ১৬ জনের শনাক্ত হয়েছে।চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন মোট ৮২৮ জন রোগী। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০১ জন। বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে ২১ জন, দাগনভূঞাতে ২ জন, সোনাগাজীতে ১ জন, ছাগলনাইয়াতে ১ জন এবং পরশুরামে ২জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও জেলায় সর্বমোট ৩ হাজার ৩২০টি ডেঙ্গু কিট মজুদ রয়েছে।সিভিল সার্জন ড. মো. আরিফুজ্জামান জানান, ডেঙ্গু পরীক্ষার জন্য বর্তমানে জেলায় ৩ হাজার ৩২০টি টেস্ট কিট মজুত রয়েছে। এর মধ্যে ফেনী সদরে ২ হাজার ৬৫০টি, পরশুরামে ৩৫টি, সোনাগাজীতে ১৬১টি, ফুলগাজীতে ৭২টি, দাগনভূঞায় ৫৭টি এবং ছাগলনাইয়ায় ৩৪৫ টি কিট মজুদ রয়েছে।পরিচ্ছন্নতা কার্যক্রমে জোর দিচ্ছে পৌরসভাডেঙ্গু প্রতিরোধ, মশকনিধন ও পৌর এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ফেনী পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২৫ অক্টোবর) পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফেনী পৌরসভার প্রশাসক নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান। সভায় পৌরসভার মেডিকেল অফিসার ডা. কেপি সাহা, স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বনিক, কনজারভেন্সি ইন্সপেক্টর সরওয়ার জাহান উপস্থিত ছিলেন।সভায় ডেঙ্গু প্রতিরোধ, মশকনিধন কার্যক্রম জোরদার, পৌর এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন পৌর প্রশাসক। তিনি পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে পৌরবাসীর কল্যাণে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য কাজ করতে বলেন।সভায় পৌর এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী