প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬
ফুলগাজীর ছয় ইউনিয়নে চেয়ারম্যান-মেম্বার হতে চান বিএনপির ৩৪৭ জন
নিজস্ব প্রতিবেদক, ফুলগাজী ||
ফুলগাজী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন সামনে রেখে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বেড়েছে। ছয় ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী ৬৯ জন। অন্যদিকে ৫৪টি ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে দলের সমর্থন চেয়ে আবেদন করেছেন ২৭৮ জন। সবমিলিয়ে প্রার্থীর সংখ্যা ৩৪৭। সে হিসাবে প্রতি ইউনিয়নে গড়ে প্রায় ৫৮ জন বিএনপির সমর্থনপ্রত্যাশী।উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইয়াছিন মাহমুদ মজুমদারের স্বাক্ষরিত ২১ অক্টোবরের বিজ্ঞপ্তিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে আগ্রহীদের সংক্ষিপ্ত রাজনৈতিক পরিচিতিসহ জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। ওই দিন রাত পর্যন্ত চেয়ারম্যান পদে ৬৯ জন এবং সদস্য পদে ২৭৮ জন আবেদন করেছেন।উপজেলা বিএনপির দেওয়া তথ্য অনুযায়ী, চেয়ারম্যান পদে ফুলগাজী সদর ইউনিয়নে ১৬ জন, মুন্সিরহাটে ১৬, দরবারপুরে ৯, আনন্দপুরে ৪, আমজাদহাটে ১৯ এবং জিএমহাটে ৭ জন মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। ছয় ইউনিয়নের মধ্যে আমজাদহাটে সর্বোচ্চ ১৯ জন এবং আনন্দপুরে সর্বনিম্ন চারজন চেয়ারম্যান পদে দলের সমর্থন চেয়েছেন। অন্যদিকে সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে ফুলগাজী সদর ইউনিয়নে ৬১ জন, মুন্সিরহাটে ৩৬, দরবারপুরে ৪০, আনন্দপুরে ৩০, আমজাদহাটে ৬১ এবং জিএমহাটে ৫০ জন আবেদন করেছেন।উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইয়াছিন মাহমুদ মজুমদার নিজেও ফুলগাজী সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী। তিনি বলেন, একাধিক প্রার্থী থাকাকে দলের বিভেদ হিসেবে দেখার সুযোগ নেই। দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন এবং সামাজিকভাবে জনগণের সঙ্গে যাদের যোগাযোগ রয়েছে, তাদের বিবেচনায় নিয়ে প্রার্থী বাছাই করা হবে।নিজের প্রার্থিতার বিষয়ে ইয়াছিন মজুমদার বলেন, দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করেছি এবং জনগণের কাছে গিয়েছি। আশা করি দলের সংসদ সদস্য ও হাইকমান্ড আমাকে যোগ্য মনে করবে।মুন্সিরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে আগ্রহী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাস্টার আবুল কালাম ভূঞা বলেন, চেয়ারম্যান হই বা না হই, আমি জনগণের সঙ্গে থাকব। পালিয়ে যাব না।দরবারপুর ইউনিয়নের বরইয়া গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিন জানান, ইউনিয়নের সাবেক ৩ নম্বর ওয়ার্ড অবহেলিত। ওই এলাকার উন্নয়নের প্রত্যাশা থেকে তিনি চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে দলের সমর্থন চেয়ে আবেদন করেছেন।অন্যদিকে, মুন্সিরহাট ইউনিয়নের সীমান্তবর্তী বদরপুর এলাকার মীরু ইউপি সদস্য পদে আবেদন করেছেন। তিনি বলেন, দলের প্রতি ভালোবাসা ও দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে তাঁর শারীরিক ক্ষতিও হয়েছে।এত বিপুলসংখ্যক মনোনয়নপ্রত্যাশীর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন নিজের ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ৫ আগস্টের আগে ফুলগাজী উপজেলায় এতজন লোক বিএনপি করার মতো থাকলে শেখ হাসিনা আরও অনেক আগেই বিদায় নিতেন। তবুও সবার জন্য শুভকামনা।নির্বাচন সামনে রেখে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের এই তৎপরতা স্থানীয় রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে। তবে দলীয়ভাবে এখনো একক প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকায় প্রার্থী বাছাই এবং দলের অভ্যন্তরীণ ঐক্য ধরে রাখা স্থানীয় নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি নেতা এ বিষয়ে সাংগঠনিক চ্যালেঞ্জের কথা জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি ফুলগাজী সদর ইউনিয়নে হওয়ায় উপজেলাটির রাজনৈতিক গুরুত্বও রয়েছে।উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন বলেন, দলের ঐক্যবদ্ধ রাজনীতি সবসময়ই জরুরি। পূর্ব প্রস্তুতি নিতে সংসদ সদস্য রফিকুল আলম মজনু ও দলীয় সিদ্ধান্ত নিতে এ প্রক্রিয়া নেওয়া হয়েছে
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী