প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬
পরশুরামে নতুন মাদকের ‘বিস্তার’
এমএ হাসান, পরশুরাম ||
ফেনীর সীমান্তবর্তী উপজেলা পরশুরামে মাদকের বিস্তার বাড়ছে। সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে কিছু ব্যক্তির অস্বাভাবিক আচরণ দেখার পর থেকে উপজেলায় নতুন করে ‘জম্বি ড্রাগ’ নিয়েও আলোচনা শুরু হয়েছে।স্থানীয়রা বলছেন, বিভিন্ন সময়ে মাদক উদ্ধার ও কারবারের অভিযোগে ব্যক্তিদের গ্রেপ্তার করা হলেও মাদক নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপের প্রয়োজন।এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পরশুরামে দুই যুবকের অস্বাভাবিক আচরণের ভিডিও ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় এসেছে ‘জম্বি ড্রাগ’। তবে এটি কোন ধরনের মাদক- তা নিয়ে কোন সুস্পষ্ট তথ্য মেলেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাগুলোকে ‘জম্বি ড্রাগ’ সেবনের সঙ্গে যুক্ত করে নানা দাবি করা হলেও এ বিষয়ে পরীক্ষাগারভিত্তিক প্রতিবেদন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে ভিডিওতে দেখা আচরণ নির্দিষ্ট কোন মাদক সেবনের প্রভাব তা সুস্পষ্ট হওয়া যায়নি।পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে পরশুরাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা হয়েছে। এর মধ্যে জুলাই ও আগস্টে মোট পাঁচটি এবং সেপ্টেম্বরে ছয়টি মামলা হয়। এসব ঘটনায় ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ বিভিন্ন মাদক উদ্ধারের তথ্য রয়েছে।বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) গত আগস্ট থেকে ২০ অক্টোবর পর্যন্ত বিভিন্ন অভিযানে ৭৬টি মামলা করেছে। এসব মামলার সবই মাদকসংক্রান্ত নয়, এর মধ্যে চোরাচালানবিরোধী অন্যান্য অভিযানও রয়েছে। তার মধ্যে আগস্টে ৩১টি, সেপ্টেম্বরে ২৫টি এবং অক্টোবরের প্রথম ২০ দিনে ২০টি মামলা করা হয়। এসব অভিযানে ৪ দশমিক ৯ কেজি ভারতীয় গাঁজা, ৮২১টি ইয়াবা ট্যাবলেট ও ১৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। জব্দ মাদকের আনুমানিক মূল্য ২ লাখ ৮৮ হাজার ৯৫০ টাকা। এ ছাড়া মাদক ছাড়া অন্যান্য জব্দ করা পণ্যের সম্মিলিত মূল্য ৪ কোটি ২৯ লাখ ৮৭ হাজার ২৯৮ টাকা।চলতি বছরের ২০ জুন পরশুরাম-ফেনী সড়কের সমিতি রোড এলাকায় একটি অ্যাম্বুলেন্স থেকে ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক জসিম উদ্দিন (৫১) ও তার সহযোগী মিনহাজুর রহমান প্রকাশ অমি (২১) গ্রেপ্তার হন। উদ্ধার করা মদের আনুমানিক মূল্য ছিল ২ লাখ ৪৩ হাজার টাকা।গত ৭ অক্টোবর রাতে পরশুরামের পাগলীরকুল এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা, ৮৯৫টি ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. ইয়াকুব (৪৫) ও আবু বক্কর সিদ্দিক (৪৮) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৮০ হাজার টাকা।মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ৮ জুন দুপুরে পরশুরাম উত্তর বাজার থেকে সোহেল প্রকাশ কালুকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ। তিনি পরশুরাম পৌরসভার বাউরখুমা গ্রামের তালুকপাড়ার মৃত সেকান্দার প্রকাশ ইস্কান্দারের ছেলে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ফেনী জেলার বিভিন্ন থানাসহ দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে ১০টি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর এক সপ্তাহের মধ্যে জামিনে বেরিয়ে যায় সে।এর দুই দিন আগে ৬ জুন ভোরে পরশুরাম পৌর এলাকার উত্তর বাউরখুমা থেকে ফাতেমা বেগমকে (৪৩) গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই এলাকার তালুকপাড়ার মৃত মমতাজ মিয়া ওরফে মন্তু হাজারীর মেয়ে। পুলিশের তথ্য অনুযায়ী, ফেনী মডেল থানাসহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মাদকের ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারের পর তাকেও আদালতে পাঠানো হয়।এদিকে পুলিশের মামলা ও গ্রেপ্তার এবং সীমান্তে বিজিবির অভিযান অব্যাহত থাকলেও মাদকের সরবরাহের উৎস, পরিবহন ও এর সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করা জরুরি বলে মনে করছেন সচেতন মহল।উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুর মোহাম্মদ ভূঁইয়া বলেন, নিয়মিত অভিযান ও নজরদারির পাশাপাশি মাদক কারবারে জড়িত ব্যক্তিদের অর্থনৈতিক নেটওয়ার্ক তদন্ত করতে হবে। সীমান্ত এলাকায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ বাড়ানোও জরুরি।আলোচনায় ‘জম্বি ড্রাগ’, তবুও তথ্য নেইগত ১১ অক্টোবর সন্ধ্যায় পরশুরাম হাসপাতাল সড়কে জালালিয়া সুইটসের সামনে রাজেশপুর নোয়াপাড়ার এক যুবকের অস্বাভাবিক আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে ফুলগাজীর নতুন মুন্সিরহাটে শারদীয় মেলার সময় আরেক যুবকের অস্বাভাবিক আচরণের ভিডিও নিয়েও আলোচনা হয়।সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাগুলোকে ‘জম্বি ড্রাগ’ সেবনের সঙ্গে যুক্ত করে নানা দাবি করা হলেও এ বিষয়ে পরীক্ষাগারভিত্তিক প্রতিবেদন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। ফলে ভিডিওতে দেখা আচরণকে নির্দিষ্ট কোনো মাদক সেবনের প্রভাব তা সুস্পষ্ট হওয়া যায়নি।সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, মাদক নিয়ন্ত্রণে পুলিশের ধারাবাহিক অভিযান, সীমান্তে বিজিবির নজরদারি, মাদক কারবারের নেটওয়ার্ক শনাক্ত এবং জনসচেতনতা বৃদ্ধির সমন্বিত উদ্যোগ জোরদার করা গেলে পরশুরামে মাদকের বিস্তার রোধে কার্যকর অগ্রগতি সম্ভব।এ ব্যাপারে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ সেখানে গিয়ে তাকে পায়নি। নতুন এই ‘জম্বি ড্রাগ’সহ মাদকের বিরুদ্ধে জনগণকে অবশ্যই সচেতন হতে হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম বলেন, ফেনীর সীমান্ত এলাকা দিয়ে যাতে কোনো মাদক প্রবেশ করতে না পারে, সে বিষয়ে জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। নতুন করে আলোচনায় আসা ‘জম্বি ড্রাগ’সহ কোনো মাদক যাতে সীমান্ত দিয়ে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে ফেনী বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।