প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
১৩ মাসেও মেলেনি খোঁজ, সন্ধান পাওয়ার আশা নেই পুলিশের
মোর্শেদ, ফুলগাজী ||
বাড়ির পাশে অল্প পানির খাল। সেখানে মাছ ধরতে নেমে নিখোঁজ হওয়া ৫৮ বছর বয়সী আবদুল কাইয়ুমের ১৩ মাসেও কোনো সন্ধান মেলেনি। নিখোঁজের এক মাস পর খাল থেকে তার ব্যবহৃত জালটি উদ্ধার হওয়ায় পুরো ঘটনায় তৈরি হয়েছে নতুন করে রহস্য।আবদুল কাইয়ুম ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের মাওলানা সমাজ এলাকার এই বাসিন্দা সাউথইস্ট ব্যাংকের নিরাপত্তাপ্রহরী ছিলেন।পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর সকালে স্থানীয় গথিয়া ব্রিজের পাশের খালে মাছ ধরতে যান আবদুল কাইয়ুম। সেদিন সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরদিন স্থানীয় জেলে, এলাকাবাসী ও ফুলগাজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা খালজুড়ে তল্লাশি চালান। ফুলগাজী ফায়ার সার্ভিসের তৎকালীন ওয়্যারহাউস ইন্সপেক্টর মালাকার চন্দ্রের নেতৃত্বে প্রায় সাড়ে তিন ঘণ্টার খোঁজাখুঁজিতেও তার কোনো সন্ধান মেলেনি। পরে তার স্ত্রী সালমা বেগম ফুলগাজী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।আবদুল কাইয়ুম নিখোঁজের এক মাস পর গত বছরের ২৯ অক্টোবর এ ঘটনার নতুন মোড় নেয়। প্রতিবেশী আবদুল হাই একই খালে মাছ ধরতে গিয়ে কাইয়ুমের ব্যবহৃত জাল উদ্ধার করেন। স্থানীয়দের দাবি, নিখোঁজ হওয়ার সময় জালটি তার হাতের সঙ্গে বাঁধা ছিল। ফলে এক মাস পর সেটি কীভাবে খুলে খালের পানিতে ভেসে উঠল, সেই প্রশ্নের উত্তর আজও মেলেনি। জাল উদ্ধারের পর আবারও খালে তল্লাশি চালানো হলেও তার কোনো সন্ধান বা নতুন কোনো আলামত পাওয়া যায়নি।এদিকে হাতে বাঁধা জাল কীভাবে বিচ্ছিন্ন অবস্থায় উদ্ধার হলো-তা নিয়ে হত্যা ও আলামত গুমের মতো নানা গুঞ্জনও ডালপালা মেলছে। পানির প্রবাহ কম থাকার পরও দীর্ঘ তল্লাশিতে মরদেহের কোনো হাড়গোড় বা আলামত না মেলায় এটি সাধারণ দুর্ঘটনা কি না, তা নিয়ে পরিবারের মনে সংশয় রয়েছে।স্থানীয় বাসিন্দা আবুল হোসেন মিয়াজি বলেন, ১৩ মাস দীর্ঘ সময়। কিন্তু আজও কাইয়ুমের কোনো খোঁজ মেলেনি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় মানুষের মনে নানা প্রশ্ন তৈরি হয়েছে।প্রতিবেশী হোসনে আরা বলেন, কাইয়ুম ভাই খুব সাদাসিধে মানুষ ছিলেন। অনেক কষ্টের জীবন পার করেছেন।দীর্ঘদিন ফেনী শহরের সাউথইস্ট ব্যাংকে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেছেন আবদুল কাইয়ুম। পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার মাত্র কয়েক দিন পর গত বছরের ১ অক্টোবর ফেনী রেলগেট এলাকার ইসলামী ব্যাংকে নিরাপত্তা প্রহরী হিসেবে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু সেই নতুন কর্মজীবন আর শুরু হয়নি। ১৩ মাস পেরিয়ে গেলেও প্রতীক্ষা শেষ হয়নি কাইয়ুমের স্ত্রী সালমা বেগমের। স্বামীর সন্ধান না পাওয়ায় একদিকে অনিশ্চয়তা, অন্যদিকে সংসার চালানোর সংগ্রাম দুই সংকটের মধ্যে দিন কাটছে তার।সালমা বেগম দৈনিক ফেনীকে বলেন, থানায় অভিযোগ দিলেও আজ পর্যন্ত কোনো খবর পাইনি। সংসারে এখন আয় করার কেউ নেই। ৮ বছরের পালক সন্তানকে নিয়ে খুব কষ্টে দিন কাটছে। এছাড়া মরে গেলেও যদি তার হাড়গোড়টা পেতাম, তাহলে অন্তত জানতাম মানুষটা আর নেই। এই না পাওয়া, না জানার কষ্টটাই সবচেয়ে বড়।সন্ধান পাওয়ার ‘সম্ভাবনা নেই’-বলছে পুলিশএদিকে নিখোঁজ আবদুল কাইয়ুমের সন্ধান মেলার আশা দেখছে না ফুলগাজী থানা পুলিশ। এ প্রসঙ্গে ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম বলেন, নিখোঁজের পরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিয়ে ফুলগাজী থেকে ছাগলনাইয়া পর্যন্ত খালের বিভিন্ন পয়েন্টে ব্যাপক খোঁজাখুঁজি করা হয়েছে, কিন্তু কোনো আলামত মেলেনি। অন্য কোনো সংস্থা তদন্ত করছে কি না-এমন প্রশ্নে তিনি বলেন, আমরা যেখানে পারিনি, সেখানে অন্য সংস্থা আর কী করবে। তার এভাবে নিরুদ্দেশ হওয়ার বিষয়টি আল্লাহ ভালো জানেন। এখন আর তার সন্ধান পাওয়ার সম্ভাবনা নেই।ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, ঘটনার পর সারা দেশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছিল। মাছ ধরার সময় হঠাৎ শারীরিক অসুস্থতা বা কোনো দুর্ঘটনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া না গেলেও নিখোঁজের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী