প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
এখনো রহস্য ঘেরা এনামুলের মৃত্যু
আদালত প্রতিবেদক ||
ফেনীর ফতেহপুরে রেললাইনের পাশের জঙ্গল থেকে জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তাদার এনামুল হকের (৫০) মরদেহ উদ্ধারের প্রায় ১০ মাস হতে চলেছে। তবে এখনো পাওয়া যায়নি ময়নাতদন্ত প্রতিবেদন ও ভিসেরা পরীক্ষার ফল। ফলে মৃত্যুর প্রকৃত কারণ এখনো রহস্যাবৃত রয়ে গেছে। তাই তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।এ বিষয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম দৈনিক ফেনীকে বলেন, এখনো ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি। ভিসেরা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার জন্যও আবেদন করা হয়েছে। প্রতিবেদন দুটি পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনি আরও বলেন, এনামুলের কার্যালয় থেকে উদ্ধার করা চিরকুটের লেখার ভিত্তিতে প্রাথমিকভাবে আত্মহত্যার ধারণা করা হচ্ছে।গত বছরের ২২ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ফতেহপুর রেললাইনের পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এনামুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তাঁর গলায় শার্ট প্যাঁচানো ছিল। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।এনামুল হক ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের নগরকান্দা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। তিনি পরিবার নিয়ে ফেনী পৌরসভার আলিমুদ্দিন সড়কের মোমেনা ম্যানশনে ভাড়া বাসায় থাকতেন।পরদিন দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। ওই দিন বেলা দুইটায় ফেনী আদালত প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ আসর সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের নগরকান্দা গ্রামে দুলা মিয়ার বাড়ির সামনে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।এনামুলের মৃত্যুর দুই দিন পর, ২৪ ডিসেম্বর সকালে ফেনী আদালত ভবনের নিচতলায় তাঁর কার্যালয়ের একটি ফাইল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটের লেখার সূত্র ধরে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করে, তিনি আত্মহত্যা করেছেন।তবে এ ধারণার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন ফেনী আদালতের নাজির ও বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন। তার দাবি, এনামুল হককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।আলতাফ হোসেন বলেন, মরদেহ উদ্ধারের সময় এনামুলের প্যান্টে কাদা লেগে ছিল। অন্যান্য আলামতও বিবেচনায় নিলে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হয় না। তার মৃত্যুর বিষয়টি রহস্যে ঘেরা। উদ্ধার করা চিরকুটে আত্মহত্যার বিষয়ে কিছু লেখা ছিল না, সেখানে অন্য বিষয় লেখা ছিল।