প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
তারেক চৌধুরী ||
ফেনীতে ডেঙ্গু শনাক্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। শনাক্তদের মধ্যে ৭৫ শতাংশই ফেনী সদর উপজেলার বাসিন্দা। শনাক্তের সংখ্যা বাড়লেও পৌর এলাকার কোন ওয়ার্ডে সংক্রমণ বেশি, কোথায় এডিস মশার প্রজনন হচ্ছে কিংবা কোন এলাকাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করে বিশেষ ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তার সুনির্দিষ্ট ম্যাপিং নেই ফেনী পৌরসভার।মশক নিধনে প্রধান সড়কে ফগার মেশিনের ধোঁয়া ছড়ানো ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানোর বাইরে কার্যকর উদ্যোগ নিয়েও প্রশ্ন উঠেছে। এমনকি পৌরসভার মেডিকেল অফিসারই ফগার মেশিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে একে ‘লোকদেখানো’ ও ‘আইওয়াশ’ বলে মন্তব্য করেছেন। অন্যদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চরম ভোগান্তিতে পড়লেও এলাকায় মশার প্রজননস্থল ধ্বংসে পৌরসভার কর্মীদের দেখা না পাওয়ার অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা।জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৩ অক্টোবর পর্যন্ত ফেনী জেলায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ১ হাজার ১৬ জনের। এর মধ্যে ফেনী সদর উপজেলায় আক্রান্ত ৭৬৩ জন, যা জেলার মোট আক্রান্তের ৭৫ শতাংশ। চলতি অক্টোবরের প্রথম ১৩ দিনেই নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে ২৭৩ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২০ জনের।জেলার মোট শনাক্তের বড় অংশ ফেনী পৌর এলাকার বাসিন্দা হলেও কোন কোন ওয়ার্ডে সংক্রমণ বেশি, সেই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করার সুনির্দিষ্ট পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে পৌরসভার পক্ষ থেকে ওয়ার্ডভিত্তিক হটস্পট ম্যাপিংয়ের তথ্য পাওয়া যায়নি।পৌর এলাকায় ডেঙ্গুর ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ে কথা হয় ফেনী পৌরসভার মেডিকেল অফিসার ডা. কৃষ্ণপদ সাহার সঙ্গে। দৈনিক ফেনীকে তিনি বলেন, ডেঙ্গুর মূল হটস্পট ঢাকা উত্তর, দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম ও খুলনা সিটি করপোরেশন এলাকা। এগুলো হলো ডেঙ্গুর প্রধান রেড জোন এরিয়া। ফেনীর চার থেকে পাঁচ হাজার মানুষ প্রতিদিন ঢাকা-চট্টগ্রাম আসা-যাওয়া করছে। এ কারণেই ফেনীতে ডেঙ্গুর এমন পরিস্থিতি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী ১৫ দিন থেকে এক মাস পর্যন্ত একান্ত প্রয়োজন না হলে সাধারণ মানুষকে ঢাকা-চট্টগ্রামে যাতায়াত এড়িয়ে চলার আহ্বান জানান তিনি।ডা. কৃষ্ণপদ সাহা আরও বলেন, বর্তমানে পৌরসভার ঘনবসতিপূর্ণ ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডকে গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। বরাদ্দ নিয়ে আমাদের কোন সমস্যা নেই। সকলের সমন্বিত চেষ্টায় ও পৌরবাসীর সহযোগিতায় আমরা পরিচ্ছন্নতা অভিযানে জোর দিচ্ছি।তবে পৌরসভার বাসিন্দারা বলছেন, আন্তজেলা যাতায়াতের মাধ্যমে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থাকলেও পৌর এলাকার ভেতরে মশার প্রজননস্থল নিয়ন্ত্রণ, ড্রেন পরিষ্কার এবং নিয়মিত লার্ভা ধ্বংসের কার্যক্রমও সমান গুরুত্বপূর্ণ। শুধু বাইরে থেকে সংক্রমণ আসার বিষয়টি সামনে আনলে স্থানীয় পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধের দায়িত্ব ও কার্যক্রমের ঘাটতি আড়ালে থেকে যেতে পারে বলে মন্তব্য করেন তারা।পৌরসভা সূত্রে জানা গেছে, গত শনিবার (১০ অক্টোবর) ১৮ নম্বর ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্যরা অংশ নেন। আগামী ১৭ অক্টোবর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে একই ধরনের অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে।তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্দিষ্ট দিনে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে ছবি তোলা বা প্রচারমূলক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকলে ডেঙ্গুর বিস্তার রোধ করা কঠিন। তাদের মতে, প্রতিটি ওয়ার্ডে আক্রান্ত রোগীর তথ্য বিশ্লেষণ করে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা, নিয়মিত লার্ভা জরিপ চালানো এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ধারাবাহিক উদ্যোগ নেওয়া প্রয়োজন।শহরের ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোলাম মহিউদ্দিন বলেন, পরিবারের পাঁচজনের ডেঙ্গু আক্রান্ত হয়ে অবর্ণনীয় কষ্ট করতে হচ্ছে। পৌরসভার মশক নিধন কার্যক্রম মূলত প্রধান সড়ককেন্দ্রিক। পাড়ার অলিগলির ড্রেনগুলো ময়লা-আবর্জনায় আটকে থাকলেও সেগুলো পরিষ্কারের নিয়মিত উদ্যোগ চোখে পড়ে না। মশা কোথায় জন্মাচ্ছে, কোন এলাকায় আক্রান্তের সংখ্যা বেশিÑএসব বিবেচনায় নিয়ে কাজ করতে হবে। শুধু ধোঁয়া ছড়িয়ে আর পরিচ্ছন্নতা অভিযানের ছবি তুলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।শাহীন একাডেমি সড়কে বাসিন্দা মো. আজাদ বলেন, শিশু সন্তানসহ আমি ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছি। বাসার সামনের ড্রেনটি এক বছর আগে থেকে পৌরসভার দায়িত্বরত আতিক নামে এক ব্যক্তিকে বলার পরেও পরিষ্কার করেনি। মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর নয়, আগেই মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত। এখন ঘরে ঘরে মানুষ ডেঙ্গুতে কাঁপছে, আর পৌরসভা দায় চাপাচ্ছে ঢাকার যাত্রীদের ওপর। এটা চরম দায়িত্বজ্ঞানহীনতা।এ প্রসঙ্গে জানতে ফেনীর সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামানকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।ফেনী পৌর প্রশাসক নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতি শনিবার ওয়ার্ডে ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান চলছে। প্রতিদিন মশক নিধন কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে। সবার অংশগ্রহণে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। তার দাবি, পরিসংখ্যান অনুযায়ী ডেঙ্গু আক্রান্তের হার কমেছে। তাই কোনোভাবেই আতঙ্ক ছড়ানো উচিত নয়।তিনি বলেন, সারা দেশের হটস্পট ঢাকা-চট্টগ্রাম। ফেনীর মানুষের সেখানে যাতায়াতের কারণে এ জেলায় সংক্রমণের হার বেশি। সব মিলিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে পৌরসভার আন্তরিকতার কোনো ঘাটতি নেই।‘আইওয়াশ’ জেনেও ফগার মেশিন কিনছে পৌরসভাফেনী পৌরসভায় ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যবহৃত ফগার মেশিনকে ‘লোকদেখানো’ ও ‘আইওয়াশ’ বলে মন্তব্য করেছেন পৌরসভার মেডিকেল অফিসার কৃষ্ণপদ সাহা। তার দাবি, এই মেশিনে শুধু ধোঁয়া বের হয়। অথচ জনসাধারণের চাহিদার কথা বিবেচনায় নিয়ে নতুন করে আরও ছয়টি ফগার মেশিন কেনার প্রক্রিয়া শুরু করেছে পৌর কর্তৃপক্ষ।পৌরসভার সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছর পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমে ১০ লাখ টাকার বেশি ব্যয় করেছে ফেনী পৌরসভা। এর মধ্যে মশক নিধনে স্প্রে ব্যবহারের পাশাপাশি ফগার মেশিনও ব্যবহার করা হচ্ছে। তবে ফগার মেশিনের কার্যকারিতা নিয়ে খোদ পৌরসভার মেডিকেল অফিসারের বক্তব্যেই প্রশ্ন উঠেছে।দৈনিক ফেনীকে ফেনী পৌরসভার প্রশাসক কৃষ্ণপদ সাহা বলেন, আমি কি পাবলিক ডিমান্ড এড়াতে পারব? ফেনী পৌরসভা কি পাবলিক ডিমান্ড এভয়েড করতে পারবে? আমরা যে নিয়মিত এত স্প্রে করছি, কোনো শব্দ নেই। আমার কর্মীরা স্প্রে করতেছে, কিন্তু কেউ জানতেছে না। প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যে কাজ করতেছে, কেউ বুঝতেছে না। কার্যকারিতা না থাকলেও এ কারণে আমরা ফগার মেশিনেও গুরুত্ব দিচ্ছি।অন্যদিনে একই প্রসঙ্গে ভিন্ন কথা বলছেন পৌরসভার প্রশাসক নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান। দৈনিক ফেনীকে তিনি বলেন, মশক নিধনে ফগার মেশিনেরও প্রয়োজন আছে। দায়িত্বশীল জায়গা থেকে এটিকে ‘আইওয়াশ’ বলা যাবে না। জার্মান কোম্পানির নতুন ছয়টি ফগার মেশিন কেনা হচ্ছে। মেশিন কেনার ক্ষেত্রে মান রক্ষায় আমি বিন্দুমাত্র ছাড় দেব না।শনাক্তের বড় অংশই ফেনী পৌরসভায়ফেনীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। জেলার আক্রান্তদের বড় অংশ ফেনী সদর উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে সিংহভাগই ফেনী পৌর এলাকার বলে জানা গেছে। শহর এলাকায় সংক্রমণের ব্যাপকতা নিয়ে উদ্বেগ বাড়লেও ডেঙ্গুর বিস্তার কীভাবে ঘটছে, তা নিয়ে পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের মিশ্র বক্তব্য রয়েছে।স্থানীয় বাসিন্দারা বলেন, আন্তজেলা যাতায়াতের পাশাপাশি পৌর এলাকার পরিবেশ ও পরিচ্ছন্নতার বিষয়টিও ডেঙ্গু পরিস্থিতি বিশ্লেষণে গুরুত্ব পাওয়া উচিত। তাদের অভিযোগ, শহরের বিভিন্ন এলাকায় মশার উপদ্রব থাকলেও তার প্রভাব কমাতে কার্যকর উদ্যোগের সুফল তারা পাচ্ছেন না।পৌরসভার শাহীন একাডেমি সড়কের ব্যবসায়ী মো. আরিফুর রহমান বলেন, এই এলাকার ঘরে ঘরে ডেঙ্গু ছড়িয়েছে। আমাদের পুরো পরিবার ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছি। পৌরসভা মশার ওষুধ ছিটায় শুধু প্রধান সড়কে, তাও আবার মাঝেমধ্যে দু-একদিন লোকদেখানো ধোঁয়া ওড়ানো হয়। অলিগলির ভেতরের ড্রেনগুলো ময়লায় জট বেঁধে আছে, দেখার যেন কেউ নেই। মশা মারার কোনো বিজ্ঞানসম্মত উদ্যোগ পৌরসভায় দেখি না। এখন ঘরে ঘরে মানুষ ডেঙ্গুতে কাঁপছে, আর পৌরসভা দায় চাপাচ্ছে ঢাকা-চট্টগ্রাম থেকে আসা মানুষদের ওপর। এটা চরম দায়িত্বজ্ঞানহীনতা।সুলতানপুর এলাকার রাশেদুল ইসলাম বলেন, আমার দুই সন্তান একসঙ্গে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিল। অথচ পৌরসভা থেকে আমাদের এলাকায় গত এক মাসেও কোনো কর্মী লার্ভা ধ্বংস করতে বা স্প্রে করতে দেখিনি। পৌরসভা নাকি লাখ লাখ টাকা খরচ করছে মশা মারতে, কিন্তু সাধারণ মানুষ তার কোনো সুফল পাচ্ছে না। কাগজে-কলমে ক্র্যাশ প্রোগ্রামের ছবি তোলা বন্ধ করে তাদের উচিত অবিলম্বে প্রতিটি ওয়ার্ডের ভেতরে এসে কাজ করা।জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর জেলায় ডেঙ্গু শনাক্তের সংখ্যা ইতোমধ্যে গত বছর মোট শনাক্তের তুলনায় প্রায় পাঁচ গুণে পৌঁছেছে। ২০২৫ সালে ফেনীতে ডেঙ্গু শনাক্ত হয়েছিল ২০১ জনের। চলতি বছরের ১৩ অক্টোবরেই সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬ জনে।চলতি মাসে প্রতিদিন গড়ে ২১ জনের ডেঙ্গু শনাক্তফেনীতে চলতি অক্টোবর মাসের প্রথম ১৩ দিনেই ডেঙ্গু শনাক্তের নতুন রেকর্ড তৈরি হয়েছে। চলতি মাসের অদ্যাবধি পর্যন্ত জেলায় ২৭৩ জন রোগীর ডেঙ্গু শনাক্ত হয়েছে। হিসেবে প্রতিদিন গড়ে ২১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এছাড়াও এ বছরের এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৬ জন ছাড়িয়েছে, যার অর্ধেক শনাক্ত হয়েছে গত সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ শনাক্ত হয়েছে ৪৯৭ জন। পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় পাঁচগুণের বেশি বেড়েছে।স্বাস্থ্য বিভাগের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) পর্যন্ত জেলায় মোট ১ হাজার ১৬ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। ২০২৫ সালে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ২০১ জন।সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৭৩ জনের নমুনা পরীক্ষা করে আরও ২০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। আক্রান্ত সকলেই ফেনী সদর উপজেলার।পরিসংখ্যান অনুযায়ী, গত সেপ্টেম্বরে জেলায় ডেঙ্গু রোগী ছিল ৪৯৭ জন। জেলায় সবচেয়ে বেশি ডেঙ্গু শনাক্ত হয়েছে ফেনী সদর উপজেলায়। চলতি বছরের অদ্যাবধি পর্যন্ত মোট শনাক্তকৃত ১ হাজার ১৬ জনের মধ্যে ৭৬৩ জন সদর উপজেলার। এছাড়া দাগনভূঞায় ৭২, সোনাগাজীতে ৮৯, ছাগলনাইয়ায় ৪৯, পরশুরামে ২৭ এবং ফুলগাজী উপজেলায় ১৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন মোট ৬৮৪ জন রোগী। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫৭ জন। বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে ১৮ জন, দাগনভূঞাতে ৬ জন, সোনাগাজীতে ২ জন এবং পরশুরামে ১ জন চিকিৎসা নিচ্ছেন।স্থানীয়রা বলছেন, কেবল শহরে নয়, গ্রামেও ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের তদারকি ও মশক নিধনে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ফেনীতে ডেঙ্গু পরীক্ষার জন্য বর্তমানে ৪ হাজার ৪০৪ টি টেস্ট কিট মজুত রয়েছে। এর মধ্যে ফেনী সদরে ৩ হাজার ৫০৩টি, পরশুরামে ৭৮টি, সোনাগাজীতে ১৪৪টি, ফুলগাজীতে ১৪৩টি, দাগনভূঞায় ৬৭টি এবং ছাগলনাইয়ায় ৪৬৯টি কিট মজুদ রয়েছে