প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
আবারও মাদকসহ সেই সিদ্দিক গ্রেপ্তার
পরশুরাম প্রতিনিধি ||
পরশুরামে মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা, ৮৯৫ পিস ইয়াবা ও ১০টি এসকফ সিরাপ জব্দ করা হয়। গতকাল বুধবার (৭ অক্টোবর) উপজেলার চিথলিয়া ইউনিয়নের রাজেশপুর-সুবার বাজার সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন উপজেলার মির্জানগর ইউনিয়নের পূর্ব সাহেবনগরের মৃত আব্দুল বারীর ছেলে মো. ইয়াকুব (৪৫) এবং একই ইউনিয়নের মহেশপুষ্করনী গ্রামের মৃত হাফেজ আহম্মদের ছেলে আবু বক্কর সিদ্দিক (৪৮)।মামলার এজাহার সূত্রে জানা যায়, চিথলিয়া ইউনিয়নের পাগলিরকুল এলাকায় নোয়াপাড়া মসজিদের প্রায় ২০০ মিটার উত্তর পাশে রাজেশপুর বাজার থেকে সুবার বাজারগামী পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজেদের কাছে রাখার অভিযোগে ইয়াকুব ও আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এসআরবি ফেনী ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) কাজী ফয়েজুর রহমান বাদী হয়ে পরশুরাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগেও আবু বক্কর সিদ্দিক মাদকসহ গ্রেপ্তার হন। তখন দীর্ঘদিন কারাভোগের পর পরবর্তী মুক্তি পেয়ে আবারও মাদক কারবারে জড়িয়ে পড়েন তিনি। বিগত কয়েকবছর পরশুরামের মির্জানগর ইউনিয়নের মহেশপুষ্করনী, মেলাঘর, মধুগ্রাম, চিথলিয়া ইউনিয়নের রাজেশপুর সীমান্ত দিয়ে মাদক কারবার চালিয়ে আসছিলেন বলে অভিযোগ স্থানীয়দের।পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম জানান, এ ঘটনায় এসআরবি বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী