প্রিন্ট এর তারিখ : ২৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬
ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইংয়ে নতুন ইতিহাস ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের
খেলাধুলা ডেস্ক ||
‘ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফায়িং ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬’-এ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ফেনীর ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব। গ্রুপ পর্বে নিজেদের তিন ম্যাচের সবকটিতে জয় তুলে নিয়ে ৬ পয়েন্ট ও +২.৭২২ নেট রান রেট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে দলটি।গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে এমসি ক্লাবকে ১৪৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব।টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৭ রানের বড় সংগ্রহ গড়ে ফ্রেন্ডশিপ। দলের হয়ে ব্যাট হাতে ঝড় তোলেন নাসির উদ্দিন। মাত্র ২৪ বলে ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তার স্ট্রাইক রেট ছিল ২৫০।এ ছাড়া সাহারিয়ার হাসান ৩০ বলে ৩৮, মইনুল ইসলাম ১৬ বলে ১৬ এবং মিনহাজুল ইসলাম ১৪ বলে ১৫ রান করেন। ইনিংসের শেষ দিকে মোহাইমিনুল ইসলাম ৬ বলে অপরাজিত ১৬ এবং দাউদুল ইসলাম রিমন ২ বলে অপরাজিত ৭ রান করলে ১৮৭ রানের বড় সংগ্রহ পায় ফ্রেন্ডশিপ।জয়ের জন্য ১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ফ্রেন্ডশিপের বোলারদের তোপের মুখে দাঁড়াতেই পারেনি এমসি ক্লাবের ব্যাটাররা। ১৪.৫ ওভারে মাত্র ৪২ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ফলে ১৪৫ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ফেনীর দলটি।বল হাতে ফ্রেন্ডশিপের হয়ে সবচেয়ে সফল ছিলেন সাহারিয়ার হাসান। ৪ ওভারে মাত্র ১০ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন তিনি। তার ইকোনমি রেট ছিল মাত্র ২.৫০। এ ছাড়া মাসুদ ২.৫ ওভারে ৫ রান দিয়ে ২ উইকেট এবং দাউদুল ইসলাম রিমন ৩ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট নেন। মোহাইমিনুল ইসলাম পান একটি উইকেট।ম্যাচে নাসির উদ্দিনের বিধ্বংসী ব্যাটিংয়ের পাশাপাশি সাহারিয়ার হাসানের দুর্দান্ত বোলিংয়ে একক আধিপত্য বিস্তার করে ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব।প্রথমবারের মতো ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফায়িং টুর্নামেন্টে অংশ নিয়েই এমন সাফল্য পেয়েছে ফেনীর ক্লাবটি। তিন ম্যাচে তিন জয় তুলে নিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নতুন ইতিহাস গড়েছে তারা।দলের এই সাফল্যে পরবর্তী ধাপেও অপরাজিত ধারাবাহিকতা ধরে রেখে সেরা পারফরম্যান্সের মাধ্যমে টুর্নামেন্টের আরও ওপরের ধাপে যাওয়ার ব্যাপারে আশাবাদী ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী