প্রিন্ট এর তারিখ : ২৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুই বিভাগেই বিজয়ী ফেনী মডেল থানা
নিজস্ব প্রতিবেদক ||
ফেনীতে উৎসবমুখর পরিবেশে প্রথমবার আয়োজিত কমিউনিটি কাবাডি টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলা পুলিশ লাইন্স মাঠে এ প্রতিযোগিতার সমাপনী ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।পুরুষ বিভাগের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে ফেনী মডেল থানা ৩৯-২৪ পয়েন্টের ব্যবধানে ছাগলনাইয়া থানাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, নারী বিভাগের ফাইনালে ফেনী মডেল থানা নারী দল একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ৩৮-১৩ পয়েন্টে সোনাগাজী থানা নারী দলকে পরাজিত করে শিরোপা ছিনিয়ে নেয়।পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেন অতিথিরা।সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি-এই দূরদর্শী বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল আমাদের মূল উদ্দেশ্য। খেলাধুলার মধ্য দিয়ে তরুণ সমাজকে সুস্থ ধারায় ফিরিয়ে এনে মাদক ও কিশোর গ্যাংমুক্ত একটি সুন্দর সমাজ গঠন সম্ভব।ফাইনাল খেলাকে কেন্দ্র করে পুলিশ লাইন্স মাঠে দর্শকদের উপচে পড়া ভিড়, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে জেলার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।স্থানীয় জনগণের মাঝে খেলাধুলার চর্চা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার এবং পুলিশ ও জনগণের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। জেলা পুলিশের আয়োজনে প্রতিযোগিতায় জেলার বিভিন্ন থানার ৬টি দল অংশগ্রহণ করে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী