প্রিন্ট এর তারিখ : ২৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ ফেনী আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, ফুলগাজী ||
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে প্রস্তুতি পরিদর্শনে ফেনী আসছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সোমবার (২৮ সেপ্টেম্বর) তিনি পরশুরাম উপজেলার ঘাটঘর মুহুরী ব্রিজ ও পৌরসভার বিভিন্ন স্থান পরিদর্শন করবেন।রোববার (২৭ সেপ্টেম্বর) প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক সফরসূচিতে এসব তথ্য জানানো হয়।সফরসূচি অনুযায়ী, সকাল ৬টায় ঢাকার মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট থেকে সড়কপথে ফেনীর উদ্দেশ্যে রওনা হবেন প্রতিমন্ত্রী। সকাল ১০টায় তিনি ফেনী সার্কিট হাউসে পৌঁছে যাত্রাবিরতি করবেন।পরে বেলা সাড়ে ১১টায় পরশুরামের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি ও সফর সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তার।পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চল ও কেন্দ্রীয় অঞ্চলের সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন।এ সময় প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. আবু রায়হান দোলন, সহকারী একান্ত সচিব মো. জহিরুল ইসলাম বাবুসহ প্রতিমন্ত্রীর দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা সফরসঙ্গী হিসেবে থাকবেন।প্রসঙ্গত, ১ অক্টোবর পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী নদীর তীরে একনেকে অনুমোদিত ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ের মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে সেখানে আয়োজিত সভায় বক্তব্য রাখবেন তিনি।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী