প্রিন্ট এর তারিখ : ২৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘ফ্যাসিস্টদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে’
নিজস্ব প্রতিবেদক ||
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের মিজান রোডে জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে জেলা ছাত্রদল। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফেনী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।পরে সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত, যুগ্ম সম্পাদক মজুমদার রশিদ, সাইফুল ইসলাম জিকু ও দপ্তর সম্পাদক আরিফুল হক সুমন।সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক বলেন, কোনো রকমের নৈরাজ্য করা হলে পিঠের চামড়াও থাকবে না। মনে রাখবেন, কেউ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করলে আমরা চুড়ি পরে ঘরে বসে থাকব না। বিগত ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করেছি। তিনি আরও বলেন, এ দেশে যেন ফ্যাসিস্টরা আর কোনোদিন ফিরতে না পারে, সেজন্য ছাত্রসমাজকে সতর্ক থাকতে হবে।যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, ‘সারাদেশে লুটপাট করেছে, দুর্নীতি করে টাকা পাচার করেছে। তারাই আবার নৈরাজ্য সৃষ্টি করছে। আগামী প্রজন্মকে এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। আপনারা যদি মনে করেন আবার ফিরে আসবেন, তাহলে ভুলের মধ্যে আছেন। ডিসেম্বরে ফিরে আসার স্বপ্ন আপনাদের পূরণ হবে না। আপনাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী সকল শক্তি ঐক্যবদ্ধ থেকে প্রতিহত করবে। খুনিদের বিচার হওয়া পর্যন্ত রাজপথে থাকতে হবে।কর্মসূচিতে জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী