প্রিন্ট এর তারিখ : ২৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেনীতে ফের প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক ||
আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে ফের প্রস্তুতি শুরু হয়েছে। পূর্বনির্ধারিত কর্মসূচি বাস্তবায়নে ফুলগাজী ও পরশুরামে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কর্মসূচি আয়োজনে ফুলগাজী ও পরশুরাম পরিদর্শনে যাচ্ছেন ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম।এ প্রসঙ্গে জেলা প্রশাসক দৈনিক ফেনীকে বলেন, প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে এ বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সঙ্গে যোগাযোগ হয়েছে। আগামী শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এসএসএফ সদস্যরা পরিদর্শনে আসতে পারে। আজ ফুলগাজী ও পরশুরামে প্রধানমন্ত্রীর কর্মসূচি আয়োজনের স্থান পরিদর্শন করা হবে। সফরের সব কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, তিনি প্রথমে পরশুরামে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও পানি নিষ্কাশন প্রকল্পের কাজ উদ্বোধন করবেন। এরপর বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়া এবং ফুলগাজীতে তাঁর নানার বাড়ি পরিদর্শনের কথা রয়েছে।এ ছাড়া ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে। একই অনুষ্ঠানে ইমাম ও পুরোহিতদের ভাতা, চিকিৎসা সহায়তা এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার কর্মসূচিও রয়েছে।এর আগে ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনীর পরশুরাম ও ফুলগাজী সফরের কথা ছিল। তবে ১৩ সেপ্টেম্বর সফরটি স্থগিত করে নতুন সম্ভাব্য তারিখ হিসেবে ১ অক্টোবর নির্ধারণের কথা জানানো হয়।প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে এর আগে পূর্বপ্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে ফেনী আসেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। একই সময়ে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও প্রস্তুতি পরিদর্শন করেন। এছাড়া পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এর আগে পরশুরামের প্রকল্প এলাকা পরিদর্শন করেছিলেন।