প্রিন্ট এর তারিখ : ২৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
‘আ.লীগের অপতৎপরতা প্রতিহতে প্রস্তুত যুবদল’
নিজস্ব প্রতিবেদক ||
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ‘বিশৃঙ্খলা ও নাশকতার’ প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। এসময় সংগঠনের নেতারা আওয়ামী লীগের যেকোনো ধরনের ‘অপতৎপরতা’ রাজপথে মোকাবেলার ঘোষণা দিয়েছেন দলটির শীর্ষ পর্যায়ের নেতারা।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনী শহরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার ও সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাতের নেতৃত্বে পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি ট্রাংক রোডসহ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে খেজুর চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে নাসির উদ্দিন খন্দকার ও নঈম উল্লাহ চৌধুরী বরাত ছাড়াও বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন, সদস্য সচিব শাহাদাত হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু, সদস্য সচিব হায়দার আলী রাসেল পাটোয়ারী প্রমুখ।সমাবেশে জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার বলেন, ১৯৮৬ ও ১৯৯৬ সালের বেইমানরা পতিত সরকারের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র করছে। তবে যুবদল রাজপথে থেকে এর দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে। যারা বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের এই অপচেষ্টা বন্ধ করে দিতে যুবদল সর্বদা প্রস্তুত। এ সময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত বলেন, খুনি শেখ হাসিনার লেলিয়ে দেওয়া বাহিনী নৈরাজ্য সৃষ্টি করছে। তবে তাদের নৈরাজ্য ঠেকাতে ফেনী জেলা যুবদল যেকোনো সময় প্রস্তুত রয়েছে। বিরোধী দল সংসদে এক কথা বলে, বাইরে আরেক কথা বলে। জুলাইয়ের শহীদদের সঙ্গে বেইমানি করে স্বৈরাচারদের যারা সহযোগিতা করছে, যুবদল তাদের জবাব দিতে প্রস্তুত।সমাবেশে যুবদল নেতারা অভিযোগ করে বলেন, পতিত শেখ হাসিনার লেলিয়ে দেওয়া বাহিনী বিভিন্নভাবে অর্থ দিয়ে লোকজনকে বিপথগামী করে বোমা হামলা, বাসে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের নৈরাজ্য সৃষ্টি করছে। এর প্রতিবাদে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশে ফেনী জেলা যুবদল ঐক্যবদ্ধভাবে এসব কর্মকাণ্ড মোকাবেলা করবে।তারা আরও বলেন, বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যারা ষড়যন্ত্র ও অপচেষ্টা চালাচ্ছে, যুবদল রাজপথে থেকে তা প্রতিহত করবে।