প্রিন্ট এর তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘সুশৃঙ্খল পরিবেশে প্রধানমন্ত্রীর সফর সফল করতে হবে’
নিজস্ব প্রতিবেদক ||
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ফেনী সফরকে সামনে রেখে তাকে যথাযথ সম্মান ও সুশৃঙ্খল পরিবেশে বরণ করার আহ্বান জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, মেডিকেল কলেজ, মুছাপুর ক্লোজারসহ ফেনীর উন্নয়নের যেসব দাবি রয়েছে, প্রধানমন্ত্রীর কাছে সেগুলো তুলে ধরা হবে। মুছাপুর ক্লোজার প্রকল্প শীগ্রই একনেকে অনুমোদন হবে এবং এর উদ্বোধনেও প্রধানমন্ত্রী আসবেন।গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ফেনী সফর উপলক্ষ্যে জেলা বিএনপির আয়োজনে প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি।সভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুল আউয়াল মিন্টু বলেন, আমরা চাই আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রী ফেনীতে আগমনে তাকে সংবর্ধনা দিতে। আমরা বলি ফেনীর মেয়ে খালেদা, গর্ব মোদের আলাদা। এখন আমরা তার সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে গর্ব করি। তিনি (তারেক রহমান) ফেনীতে এসে যেন মনে করেন সম্মানিত হয়েছেন, সেজন্য সেদিন যথাসময়ে উপস্থিত হয়ে সুশৃঙ্খল থেকে তার বক্তব্য শুনতে হবে।ফেনীর মানুষের অনেক দাবি-দাওয়া রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা যদি প্রধানমন্ত্রীকে যথাযথ সম্মান দিতে পারি সেখানে আমরা মেডিকেল কলেজ, মুছাপুর ক্লোজারসহ ফেনীবাসীর যে দাবিগুলো আছে, সেগুলো দ্রুত বাস্তবায়নে দাবি জানাব। একনেকে মুছাপুর ক্লোজার প্রকল্প অনুমোদন হবে। সেটি উদ্বোধনেও তিনি (প্রধানমন্ত্রী) আসবেন।ফেনীর উন্নয়নে প্রয়োজনীয় কাজগুলো বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আবদুল আউয়াল মিন্টু বলেন, ফেনীর উন্নয়নের জন্য যেসব কাজ দরকার, সেগুলো বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। সেদিন সবাই সুশৃঙ্খল থেকে যথাযথ সম্মান প্রদর্শন করবেন।প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রীর ফেনী সফর সফল করব।ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু বলেন, প্রধানমন্ত্রী দুপুর ১২টার মধ্যে পরশুরাম যাবেন। সেখানে বাঁধ নির্মাণ প্রকল্পের উদ্বোধন করে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখবেন। পরে সময়ে ফুলগাজীতে বেগম খালেদা জিয়া সরকারি কলেজে বৃক্ষরোপণ করবেন এবং পরবর্তীতে ডাকবাংলোয় অবস্থান করবেন। এরপর ফুলগাজীতে সমাবেশে যোগ দেবেন।তিনি বলেন, সেখানে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, ঢেউটিন বিতরণ, ক্যান্সার ও কিডনি রোগীদের ভাতা এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদান করা হবে। এখন থেকে সবাইকে সুশৃঙ্খলতা বজায় রেখে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু বলেন, বিএনপির শক্তি তৃণমূলের নেতাকর্মীরা। দলের দুঃসময়ে তৃণমূলরা সাথে থেকে বিএনপিকে টিকিয়ে রেখেছে। আমরা আগেও খালেদা জিয়ার জনসভা সফল করেছি, এবার তারেক রহমানের জনসভাও আমরা সবাই একসাথে থেকে সফল করব। এটা আমাদের নৈতিক ও ঈমানি দায়িত্ব। এসময় তিনি ফেনী শহরে কিশোর গ্যাং অত্যাচার করছে উল্লেখ করে বিএনপি নেতাকর্মীদের এ বিষয়ে খেয়াল রাখার আহ্বান জানান।জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সভায় বিএনপির কেন্দ্রীয় সহ গ্রাম বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ কেন্দ্রীয় সদস্য আবু তালেব উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহমদ মজুমদার, ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, ছাগলনাইয়া উপজেলা সদস্য আলমগীর বিএ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এম কায়সার এলিন, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নইম উল্লাহ চৌধুরী বরাত, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী