প্রিন্ট এর তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল ফেনী আসছেন আবদুল আউয়াল মিন্টু
নিজস্ব প্রতিবেদক ||
সোমবার (১৪ সেপ্টেম্বর) তিন দিনের সফরে ফেনী আসছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ফেনী-৩ আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু। আগামী বুধবার (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত তিনি ফেনী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এ সময় তিনি বিএনপির আয়োজিত প্রস্তুতি সভা, ফেনী জেনারেল হাসপাতাল পরিদর্শন, দাগনভূঞায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন।রোববার (১৩ সেপ্টেম্বর) মন্ত্রীর একান্ত সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।সফরসূচি অনুযায়ী, সোমবার সকাল ১০টায় ঢাকার বাসভবন থেকে সড়কপথে ফেনীর উদ্দেশ্যে যাত্রা করবেন মন্ত্রী। বিকেল ৩টায় মিটটাউন কনভেনশন হলে ফেনী জেলা বিএনপি আয়োজিত প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। বিকেল ৫টায় ফেনী জেনারেল হাসপাতাল পরিদর্শন করবেন তিনি। এদিন দাগনভূঞার দুলামিয়া এলাকায় নিজ বাসভবনে অবস্থান করবেন মন্ত্রী।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় দাগনভূঞা থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। সেখানে লক্ষ্মীপুর জেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। বিকেল ৫টায় দাগনভূঞার দুলামিয়ায় পৌরসভা ও ইউনিয়ন বিএনপির কার্যক্রম পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময় করবেন।সফরের শেষ দিন বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশমন্ত্রী।এরপর বিকেল ৩টায় সোনাগাজী উপজেলার দলীয় নেতাকর্মীদের সঙ্গে পৌর কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভায় অংশ নেবেন। সন্ধ্যা ৬টায় সড়কপথে ফেনী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার মধ্য দিয়ে তার তিন দিনের ফেনী সফর শেষ হবে।সরকারি কর্মসূচিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, ফেনী সদর, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রীর সফর উপলক্ষ্যে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকার কথাও কর্মসূচিতে উল্লেখ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী