প্রিন্ট এর তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬
নিহত যুবদলকর্মী হারুনকে নতুন ঘর উপহার দিল বিএনপি
নিজস্ব প্রতিবেদক ||
ফেনীতে ২০১৩ সালে আন্দোলনে পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মী হারুনুর রশিদের পরিবারকে নতুন ঘর উপহার দিয়েছে বিএনপি। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে নিহতের পরিবারের হাতে ঘরের চাবি তুলে দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে ঘরটি নির্মাণ করা হয়েছে।অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শুধু কথা বলার স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক মানবিক অধিকার প্রতিষ্ঠার জন্য হারুন নিজের জীবন উৎসর্গ করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগেও আমাদের যারা গুম-খুনের শিকার হয়েছিল, তাদের পরিবারের দায়িত্ব নিয়েছিলেন। তারই অংশ হিসেবে হারুনের পরিবারকেও বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। সবাই এমন করে অন্য শহীদদের পরিবারের পাশেও দাঁড়াবেন।২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনীতে সরকারবিরোধী হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে নিহত হন যুবদল কর্মী হারুনুর রশিদ। পরে তার পরিবারের পাশে দাঁড়ান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গত ১২ এপ্রিল ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে ঘর নির্মাণের কাজ শুরু হয়।নতুন ঘর পেয়ে নিহত হারুনের স্ত্রী জোহরা বেগম প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানান।হারুনের দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। ২০১৭ সালে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ খরচে হারুনের বড় মেয়ের বিয়ে দেন। আরেক মেয়েও বিয়ের উপযুক্ত। হারুনের নবম শ্রেণি পড়ুয়া ছেলের সব খরচও বহন করছে ‘আমরা বিএনপি পরিবার’।স্মরণসভা শেষে হারুনের কবর জিয়ারত করেন এবং তার নবনির্মিত ঘর উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।এ সময় ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, আবু তালেব, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন আলালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী