প্রিন্ট এর তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬
আজ সাংবাদিক মাহবুব-উল হক পেয়ারার মৃত্যুবার্ষিকী
ডেস্ক নিউজ ||
আজ রোববার (১৩ সেপ্টেম্বর) প্রথিতযশা সাংবাদিক মাহবুব-উল হক পেয়ারার মৃত্যুবার্ষিকী। দিনটিতে তাঁর স্মরণে আজ সন্ধ্যায় ফেনী প্রেস ক্লাবে আলোচনা ও দোয়া আয়োজন করা হয়েছে। তিনি ফেনী প্রেস ক্লাবের একাধিকবার সভাপতি ছিলেন। মাহবুব-উল হক পেয়ারা ১৯৭৩ সাল থেকে আমৃত্যু দৈনিক ইত্তেফাকের ফেনী সংবাদদাতা হিসেবে কাজ করেছেন। একাধিকবার ফেনী প্রেস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্বপালন করেছেন।মাহাবুব-উল হক পেয়ারা ছিলেন একজন দক্ষ ক্রীড়া সংগঠক। ১৯৫২ সাল হতে ১৯৯৫ সালের মধ্যে তিনি ৩৩ বছর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্বপালন করেছেন। তাঁর হাত ধরে ফেনী এভারগ্রিন ক্লাব ও ব্রাদার্স ক্লাবের প্রতিষ্ঠা হয়েছিল। তিনি নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থারও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ফেনীতে সমাজসেবা ও সামাজিক কর্মকাণ্ডে দারুণ ভূমিকা রেখেছিলেন। এ জনপদে রোটারি আন্দোলনের প্রবক্তা ছিলেন তিনি। রোটারি ক্লাব, রেডক্রিসেন্ট, শিশু একাডেমির গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে কাজ করেছেন। সমাজসেবক হিসেবে তিনি ১৯৭৬ সালে ফেনীর শতবর্ষে স্বর্ণপদক লাভ করেন।শিক্ষা বিস্তারে ছিল তাঁর অনন্য ভূমিকা। ফরহাদনগর কেএম হাটে নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত করেছেন কেএম হাট আদর্শ উচ্চ বিদ্যালয়। ফেনী কলেজ, ফেনী আলিয়া মাদ্রাসা ও ফেনী পাইলট হাই স্কুল ওয়েলফেয়ার ট্রাস্টের গুরুত্বপূর্ণ পদে তিনি অধিষ্ঠিত ছিলেন।তাঁর পিতা খান সাহেব বজলুল হক গত শতাব্দীর ত্রিশ-এর দশকে নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। বড় ভাই ওবায়দ-উল হক ছিলেন প্রথিতযশা সাংবাদিক। ২০০০ সালের ১৩ সেপ্টেম্বর ২০০০ সালে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ও স্ট্রোক জনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর গুণধর সন্তানেরা পৈত্রিকভূমিতে প্রতিষ্ঠা করেন বৃহত্তর নোয়াখালীর আধুনিক ও বৃহত্তম শপিং কমপ্লেক্স 'গ্র্যান্ড হক টাওয়ার'। এই গ্র্যান্ড হক টাওয়ারের পূর্ব-দক্ষিণ কোণে চিরনিদ্রায় শায়িত আছেন ফেনীর ক্রীড়াজগত ও সাংবাদিকতার মহীরুহ ও বর্ণাঢ্য জীবনের অধিকারী জনাব মাহবুব উল হক পেয়ারা।এই সংশপ্তক ব্যক্তিত্বের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।২০০০ সালের ১৩ই সেপ্টেম্বর ৭৪ বছরের বর্ণাঢ্য জীবনের অবসান ঘটিয়ে মৃত্যুবরণ করেছেন।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী