প্রিন্ট এর তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬
চোর-ডাকাতসহ ফেনীতে আরও ২১ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক ||
ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ডাকাত ও চোর চক্রের সক্রিয় সদস্য, নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য, মাদক কারবারি ও মাদকসেবী এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ৫০ বোতল বিদেশি মদ, ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, তিন বোতল বিয়ার ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।ফেনী মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১২ সেপ্টেম্বর) ফেনী মডেল থানা এলাকায় বিশেষ অভিযানে ওই ২১ আসামিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে সন্ত্রাসবিরোধী মামলায় আশরাফুল জামান সোহাগকে (২০) মহিপাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি সোনাগাজী থানার ছাড়াইতকান্দি এলাকার আব্দুল হকের ছেলে। এছাড়া ডাকাত দলের সদস্য সাইফুল ইসলাম রিয়াজকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। তিনি সোনাগাজী থানার চরচান্দিয়া এলাকার নূর খাতুনের ছেলে।গ্রেপ্তারকৃতদের মধ্যে ধর্মপুর এলাকা থেকে একাধিক মাদক মামলার আসামি ও মাদক কারবারি মো. সেলিমকে (২৪) ৫০ বোতল বিদেশি মদসহ ও মধ্যম চাড়ীপুর জজ কোর্ট কলোনির ভেতর থেকে দেশীয় তৈরি ১০ লিটার চোলাই মদসহ মো. হৃদয় (২০) ও রাবেয়া আক্তার নামে মা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়।অন্যদিকে শাহরিয়ার হোসেন (২২), শহিদুল ইসলাম সুমন (৩৪) ও মো. রুবেলকে (২৬) মোট ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তিন বোতল বিয়ারসহ আবু বক্করসহ (২৩) অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি ও মাদকসেবী রয়েছে।এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদককারবারি এবং চোরচক্রের সদস্যসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। মাদক, চুরি-ডাকাতিসহ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।উল্লেখ্য, চলতি সেপ্টেম্বরের শুরু থেকে প্রথম ১২ দিনে পুলিশের অভিযানে গতকাল পর্যন্ত ২১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী