প্রিন্ট এর তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬
জেলি পুশ করা ১০৫ কেজি চিংড়ি জব্দ, ৯০ হাজার টাকা জরিমানা
শহর প্রতিনিধি ||
ফেনী পৌর মৎস্য আড়তে অভিযান চালিয়ে জেলি পুশ করা ১০৫ কেজি গলদা ও বাগদা চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ সময় চিংড়ির ওজন বাড়ানো ও কৃত্রিমভাবে গ্রেড পরিবর্তনের দায়ে তিন মৎস্য আড়তকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালের দিকে ‘মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০’ বাস্তবায়নে পৌর মৎস্য আড়তে অভিযান চালানো হয়। এ সময় তিনটি আড়তে চিংড়িতে ক্ষতিকর জেলি পুশ করে অসদুপায়ে ওজন বাড়ানো ও গ্রেড পরিবর্তনের প্রমাণ পাওয়া যায়। পরে ওই আইনের ৩১ ধারা লঙ্ঘনের দায়ে বেলাল ফিশিংকে ৫৬ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দসহ ৫০ হাজার টাকা, আল্লাহর দান ফিশিংকে ২৪ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দসহ ২০ হাজার টাকা এবং এরফান ফিশিংকে ২৫ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দসহ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মিরাজুল ইসলাম, পরশুরাম উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার বলেন, অভিযানে জব্দ করা ১০৫ কেজি গলদা ও বাগদা চিংড়ি মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে। মৎস্য আড়তের ব্যবসায়ী ও উপস্থিত ক্রেতাদের জেলি পুশ করা চিংড়ির স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতন করা হয়। একই সঙ্গে এ ধরনের অসাধু পন্থা থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী