প্রিন্ট এর তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬
ছাগলনাইয়ায় একরাতে দুই কৃষকের পাঁচ গরু চুরি
নিজস্ব প্রতিবেদক, ছাগলনাইয়া ||
ছাগলনাইয়ায় এক রাতে দুই কৃষকের গোয়াল ঘর থেকে পাঁচটি গরু চুরি হয়েছে। গত সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ মন্দিয়া গ্রামের মোকসেদ আহমেদ ও রাধানগর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মো. ইউছুফের গোয়াল ঘরের তালা ভেঙে গুরুগুলো নিয়ে যায় চোরেরা।ভুক্তভোগী মোকসেদ আহমেদ জানান, রাত ১১ টার দিকে গোয়ালে থাকা একটি গাভী ও দুইটি বাছুরকে খাদ্য দিয়ে আমি ঘুমাতে যাই। রাত আড়াই ঘটিকায় গোয়ালে গরুগুলো দেখতে পাই। রাত চার ঘটিকায় ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার পথে গোয়াল ঘরের দিকে তাকিয়ে দেখি দরজার তালা খোলা এবং গোয়ালে থাকা তিনটি গরু নাই। মোকসেদ আহমেদ জানান, অন্যের নিকট থেকে ঋণ নিয়ে গরুগুলো কিনেছিলাম। গাভীর দুধ বিক্রি করে সংসারের খরচ জোগাড় করতাম। এখন আমি নিঃস্ব হয়ে পড়েছি। গরু গুলো উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।অন্যদিকে মো. ইউছুফ জানান, আমার গোয়ালে একটি গাভী ও দুইটি ষাঁড় ছিলো। রাত চার ঘটিকার সময় গাভীর আওয়াজ শুনে গোয়াল ঘরে গিয়ে দেখি গোয়ালের দরজা খোলা এবং ষাঁড় দুইটা নাই। পরে দেখতে পাই দ্রুত গতি সম্পন্ন একটি পিকআপ ভ্যানে করে চোর চক্র আমার গরুগুলো নিয়ে যাচ্ছে। গরুগুলো উদ্ধারে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, গরু চুরির ঘটনা অবগত হয়ে আমরা পৃথক স্থানে পুলিশ পাঠিয়েছি এবং চোর ও গরুগুলো উদ্ধারে পুলিশ কাজ করছে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী