প্রিন্ট এর তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬
মাস্টারপাড়ায় মাদকের ডেরায় পুলিশের হানা
নিজস্ব প্রতিবেদক ||
ফেনীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুইজন পালিয়ে যায়। গ্রেপ্তার দুজনকে গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এর আগে, রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফেনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ার মমতাজুল হক চৌধুরী ম্যানসনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন—আকবর হোসেন সানি চৌধুরী (২৭) ও খোরশেদ আলম (৩৬)। পলাতকরা হলেন সোহেল প্রকাশ কালু (৪০) ও রহমান হোসেন (৪৫)।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই ভবনের দ্বিতীয় তলায় মাদকদ্রব্য কেনাবেচার তথ্য পায় পুলিশ। পরে রাত ১০টা ৫৫ মিনিটের দিকে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে আকবর হোসেন সানি চৌধুরী ও খোরশেদ আলমকে আটক করা হয়। এ সময় সোহেল প্রকাশ কালু ও রহমান হোসেন পালিয়ে যায়।পুলিশের দাবি, তল্লাশি চালিয়ে আকবর হোসেনের কাছ থেকে ১০০ পিস এবং খোরশেদ আলমের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ১৬ দশমিক ৫ গ্রাম। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৪৯ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।এ ছাড়া আকবর হোসেনের দেখানো ও তার হেফাজতে থাকা তিনটি পোটলা থেকে ২ কেজি ৮০০ গ্রাম এবং আরও ৭০০ গ্রামসহ মোট ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য ৫২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।এজাহারে উল্লেখ করা হয়েছে, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন মাদকগুলো বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। পুলিশের দাবি, পলাতক সোহেল প্রকাশ কালুর কাছ থেকে মাদক সংগ্রহ করে রহমান হোসেনের সঙ্গে যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে তারা এসব মাদক সংরক্ষণ করেছিলেন।এ ঘটনায় গ্রেপ্তার দুইজনসহ পলাতক চারজনের বিরুদ্ধে ফেনী মডেল থানা উপপরিদর্শক মোহাম্মদ সাখাওয়াত হোসেন বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী ২০২০)-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক), ১৯(ক) ও ৪১ ধারায় মামলা করেছেন।পুলিশ জানায়, গ্রেপ্তার আকবর হোসেন ও খোরশেদ আলমের বিরুদ্ধে মাদকসংক্রান্ত পূর্বের মামলা রয়েছে। এছাড়া পলাতক সোহেল প্রকাশ কালুর বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ একাধিক মামলা রয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬৫ পিস ইয়াবা ও ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী