প্রিন্ট এর তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন দেখল ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগের শিক্ষার্থীরা
ক্যাম্পাস প্রতিবেদক ||
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম দেখেছে ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের প্রায় ৫০ জন শিক্ষার্থী। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ফেনী ইউনিভার্সিটি ল মুটিং সোসাইটির উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা সংগঠনটির প্রেসিডেন্ট, আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক কাজী তাসনিম জাহানের নেতৃত্বে জাতীয় সংসদ ভবনের উদ্দেশে যাত্রা করেন।সংসদ ভবনে প্রবেশের পর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা শিক্ষার্থীদের সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরিয়ে দেখান। এ সময় তারা জাতীয় সংসদের কার্যক্রম, আইন প্রণয়ন প্রক্রিয়া, সংসদীয় রীতি ও কার্যপদ্ধতি সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন। পাশাপাশি সংসদ ভবনের স্থাপত্য, ইতিহাস ও জাতীয় সংসদ লাইব্রেরির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়েও আলোচনা করা হয়।আয়োজকরা জানান, আইন বিভাগের শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি সংসদীয় কার্যক্রম ও আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে বাস্তব ধারণা দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে শিক্ষার্থীদের সাংবিধানিক জ্ঞান ও আইন বিষয়ে আগ্রহ আরও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।ফেনী ইউনিভার্সিটি ল মুটিং সোসাইটির সাধারণ সম্পাদক কাজী মহিবুল হক শাফি বলেন, আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য জাতীয় সংসদ পরিদর্শন একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক অভিজ্ঞতা। পাঠ্যবইয়ে সংসদীয় কার্যক্রম ও আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে আমরা যে বিষয়গুলো পড়ি, জাতীয় সংসদে এসে সেগুলো কাছ থেকে দেখার মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছে।ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক কাজী তাসনিম জাহান বলেন, আইন শিক্ষার ক্ষেত্রে শ্রেণিকক্ষের পাঠের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় সংসদ বাংলাদেশের আইন প্রণয়ন ও সংসদীয় গণতন্ত্রের অন্যতম প্রধান প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের সেখানে নিয়ে গিয়ে সংসদের কার্যক্রম, আইন প্রণয়ন প্রক্রিয়া ও সংসদীয় রীতিনীতি সম্পর্কে বাস্তব ধারণা দেওয়াই আমাদের এ আয়োজনের উদ্দেশ্য। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের সাংবিধানিক ও সংসদীয় জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে এবং ভবিষ্যৎ আইনজীবী হিসেবে তাদের প্রস্তুতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী