প্রিন্ট এর তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
নাগরিক সেবা নিশ্চিতে হয়রানি বন্ধের আশ্বাস জেলা প্রশাসকের
নিজস্ব প্রতিবেদক ||
ফেনীর নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেছেন, নাগরিকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা এবং নাগরিক অধিকার বাস্তবায়নই আমাদের প্রধান লক্ষ্য। জেলার আইনশৃঙ্খলার উন্নতি ও নাগরিকদের নির্বিঘ্নে সেবা নিশ্চিত করার পাশাপাশি কোনো ধরনের হয়রানি বা সমস্যায় যেন পড়তে না হয়, সেজন্য জেলা প্রশাসন নিয়মিত নজরদারি করবে।গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফেনীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসনের অন্যতম প্রধান কাজ হলো সরকারি দপ্তরগুলোকে সমন্বয়ের মাধ্যমে নাগরিকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা। বিশেষ করে আইনশৃঙ্খলা, স্বাস্থ্য, যানজট, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ নাগরিকদের প্রয়োজনীয় সব সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর।তিনি বলেন, যেকোনো নাগরিক সেবা পেতে গ্রাহকদের যেন কোনো সমস্যা না হয়, আমরা সে বিষয়ে নজরদারি করব। নাগরিক অধিকার বাস্তবায়ন আমাদের প্রধান লক্ষ্য। এ কাজে জেলার সব সরকারি দপ্তরের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।ফেনীর বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সঠিক তথ্যের ভিত্তিতে সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে জেলা প্রশাসক বলেন, জেলার গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সংশ্লিষ্ট দপ্তরের নজরে এনে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তবে এসব কাজ একদিনে শেষ করার মতো নয়। নিয়মিত ফলোআপের মাধ্যমে ধাপে ধাপে সমস্যাগুলোর সমাধান করা হবে।মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকরা জেলা প্রশাসকের কাছে নানা বিষয় তুলে ধরেন। এর মধ্যে ফেনীর বালুমহাল, মাদক নির্মূল, কিশোর গ্যাংয়ের উৎপাত, জেলা সদর হাসপাতালের সেবা, আবাসিক ও বাণিজ্যিক ভবনে পার্কিং ব্যবস্থা, সীমান্তে অবৈধ চলাচল, অবৈধ সিএনজি ও অটোরিকশা চলাচলসহ বিভিন্ন বিষয় উঠে আসে। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার, বহুতল ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করা, থানায় অপরাধসংক্রান্ত মামলা গ্রহণে কোনো ধরনের সমস্যা না থাকা, রাজাঝির দিঘির পাড় অবৈধ দখলমুক্ত করা এবং বিজয়সিংহ দিঘির সৌন্দর্যবর্ধনের বিষয়েও আলোচনা হয়।এসব বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, বিষয়গুলো নিয়ে আমরা সংশ্লিষ্ট দপ্তরগুলোকে চিঠি দেব। এসব একদিনের কাজ নয়। আমরা বিষয়গুলো নিয়মিত ফলোআপ করব, যেন শহরকে সুন্দর রাখা যায় এবং নাগরিকরা নির্বিঘ্নে সেবা গ্রহণ করতে পারেন।তিনি আরও বলেন, জেলার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করা হবে। জনগণের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক ও সঠিক তথ্যকে গুরুত্ব দেওয়া হবে।মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার সম্ভাবনাগুলো কাজে লাগানোর পাশাপাশি জনভোগান্তির বিষয়গুলো দ্রুত সমাধানে জেলা প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্যসেবা, যানজট, পরিবেশ ও নগর ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তারা।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী