প্রিন্ট এর তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
মহিপালে লংমার্চের পথসভায় অর্ধলক্ষ সমাগমের প্রত্যাশা
নিজস্ব প্রতিবেদক ||
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে আগামী শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। লংমার্চের অংশ হিসেবে ওইদিন বিকেল ৩টায় ফেনীর মহিপাল ফ্লাইওভারের দক্ষিণ পাশে পথসভা অনুষ্ঠিত হবে। এতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে ফেনী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব তথ্য জানান ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান। মতবিনিময়ে তিনি কর্মসূচির বিভিন্ন দিক সাংবাদিকদের অবগত করেন।মুফতি আবদুল হান্নান বলেন, আমাদের যে দাবি নিয়ে লংমার্চ, তার প্রধান দাবি গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন। পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিও রয়েছে।তিনি বলেন, ঢাকা থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জ ও কুমিল্লা হয়ে লংমার্চের বহর ফেনীতে পৌঁছাবে। মহিপালে অনুষ্ঠিত পথসভায় প্রায় ৫০ হাজার মানুষের সমাগম হবে বলে আমরা আশা করছি। কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।মুফতি আবদুল হান্নান আরও বলেন, লংমার্চের কারণে মহাসড়কে যানবাহন চলাচলে সাময়িক অসুবিধা হতে পারে। এ জন্য আমরা আগাম দুঃখ প্রকাশ করছি। তবে যানজট ও জনভোগান্তি কমাতে পুলিশ প্রশাসন ও হাইওয়ে পুলিশের সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে। যানজট নিরসন ও শৃঙ্খলা রক্ষায় দলের স্বেচ্ছাসেবকরা সড়কের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করবেন।তিনি বলেন, বড় ধরনের ভোগান্তি এড়াতে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। যানজট নিরসনে পথে পথে আমাদের নেতাকর্মীরা কাজ করবে। জনগণের সহযোগিতা নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করতে চাই।জামায়াতের এই নেতা বলেন, এসব দাবি বাস্তবায়নে জনগণ আমাদের সঙ্গে রয়েছে। এ পথসভা থেকে আমরা জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার দ্রুত নিশ্চিত করার দাবি জানাব পাশাপাশি শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় এসব দাবি বাস্তবায়ন করা জরুরি বলে উল্লেখ করেন তিনি।দলীয় সূত্রে জানা গেছে, ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বর থেকে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ শুরু হবে। পথে নারায়ণগঞ্জের কাঁচপুর, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহিপাল ও চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা হবে। চট্টগ্রামের লালদীঘি ময়দানে শেষ জনসভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।মহিপালের পথসভায় জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষস্থানীয় নেতাদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।পথসভা সফল করতে জেলার প্রতিটি উপজেলায় সংবাদ সম্মেলন, গণসংযোগ, মিছিল ও সভা করা হচ্ছে বলে জানান নেতারা। পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও কর্মসূচি নেওয়া হয়েছে। মহিপালের পথসভায় সর্বস্তরের জনগণকে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।মতবিনিময় সভায় ফেনী জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, সাবেক আমির এ কে এম শামছুদ্দীন, জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, কল্যাণ পার্টির জেলা সভাপতি মোহাম্মদ ইসমাইল, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মনছুরুল আলম, খেলাফত মজলিসের সভাপতি নাজমুল আলম, জাগপার সভাপতি সাইফুদ্দিন, ফেনী শহর শিবিরের সভাপতি শফিকুল ইসলাম ও জেলা শিবির সভাপতি ইমাম হোসেন আরমানসহ ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী