প্রিন্ট এর তারিখ : ২২ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬
ভারতে আন্তর্জাতিক মুট কোর্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ফেনী ইউনিভার্সিটির তিন শিক্ষার্থী
ক্যাম্পাস প্রতিবেদক ||
ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের তিন শিক্ষার্থী ভারতের আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতা অষ্টম জিডি গোয়েঙ্কা–সিআইআরব আন্তর্জাতিক বাণিজ্যিক সালিসি মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৬-এ অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় তারা ফেনী ইউনিভার্সিটি এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।ফেনী ইউনিভার্সিটি ল মুটিং সোসাইটি (ফুলমস) এর সার্বিক প্রশিক্ষণে নির্বাচিত শিক্ষার্থীরা হলেন— ৩০তম ব্যাচের কাজী মহিবুল হক ও বিবি জুলেখা এবং ৩১তম ব্যাচের সানজিদা জান্নাত সায়িমা। জানা গেছে, প্রতিযোগিতাটি আগামী ২৫–২৭ সেপ্টেম্বর ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে অবস্থিত জিডি গোয়েঙ্কা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় যুক্তরাজ্য, নেপাল, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। আন্তর্জাতিক বাণিজ্যিক সালিসকে কেন্দ্র করে আয়োজিত এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে আইন গবেষণা, বিশ্লেষণ ও আইনজীবী হিসেবে যুক্তি উপস্থাপনের দক্ষতা প্রদর্শনের সুযোগ করে দেবে।সালিসি মুটে মূলত বিরোধ আদালতের পরিবর্তে সালিসি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তির আইনি কাঠামোর মধ্যে বিবেচনা করা হয়। বিশেষ করে বাণিজ্যিক সালিস হলো ব্যবসায়িক ও বাণিজ্যিক সম্পর্ক থেকে উদ্ভূত বিরোধ—যেমন চুক্তি ভঙ্গ, আন্তর্জাতিক বাণিজ্য, পণ্য বা সেবা সরবরাহ, চুক্তিভিত্তিক দায়বদ্ধতা কিংবা অন্যান্য বাণিজ্যিক বিরোধ—আদালতের পরিবর্তে একটি স্বাধীন সালিসি ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তির একটি বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা।দলটির কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের চেয়ারম্যান কাজী তাসনিম জাহান তানজি। তার দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে নির্বাচিত শিক্ষার্থীরা প্রতিযোগিতার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী