প্রিন্ট এর তারিখ : ২০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬
দাগনভূঞায় যৌতুক ও পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
আদালত প্রতিবেদক ||
ফেনীতে পরকীয়ার জের ও যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে একরামুল হক ছুট্টু নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য পাঁচ আসামিকে খালাস দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২০ আগস্ট) ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এএনএম মোর্শেদ খান এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত একরামুল হক ছুট্টু জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের মালেক মাস্টার বাড়ির সৈয়দ আহমদের ছেলে। হত্যাকাণ্ডের পর থেকেই তিনি পলাতক রয়েছেন।আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ জানুয়ারি ফেনী পৌরসভার বারাহীপুর এলাকার আরজিনা আক্তারের সঙ্গে একরামুল হক ছুট্টুর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই ছুট্টু অন্য এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়লে দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হয়। একপর্যায়ে তিনি স্ত্রী আরজিনার পরিবারের কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে আরজিনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন বাড়তে থাকে। এরই জেরে ২০১৮ সালের ২৬ আগস্ট রাতে নির্যাতনের একপর্যায়ে আরজিনা মৃত্যুবরণ করেন। পরদিন ২৭ আগস্ট পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।এ ঘটনার পর নিহত আরজিনার মামা মীর হোসেন দুলাল বাদী হয়ে একরামুল হক ছুট্টুকে প্রধান আসামি করে পাঁচজনের নাম উল্লেখ ও আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে দাগনভূঞা থানায় একটি হত্যা মামলা করেন।পরবর্তী মামলার তদন্ত শেষে ছয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। মামলার বিচারকাজ শেষে আদালত একরামুল হক ছুট্টুকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অন্য পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সাহাব উদ্দিন বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন। পলাতক আসামিকে গ্রেপ্তারের পর থেকে রায় কার্যকর হবে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী