প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
ফেনীতে পাঁচ প্রতিষ্ঠানে শতভাগ পাস, মাদরাসায় শতভাগের দেখা নেই
||
এসএসসিতে ফেনীর পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে এবার কেউ ফেল করেনি। অথচ একই জেলার দাখিল পরীক্ষার ফলাফলে এমন একটি মাদরাসাও পাওয়া যায়নি, যেখানে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে।কুমিল্লা শিক্ষা বোর্ডের ঘোষিত ফলাফলে দেখা যায়, ফেনীতে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। অর্থাৎ, এসব প্রতিষ্ঠান থেকে যতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল, তাদের সবাই উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো-ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনী গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাস স্কুল, হলি ক্রিসেন্ট স্কুল, দাগনভূঞার মমারিজপুর উচ্চ বিদ্যালয় ও ছাগলনাইয়ার হিছাছরা বহুমুখী উচ্চ বিদ্যালয়।ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় ৫৬ শিক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। তাদের মধ্যে ৫৫ জন জিপিএ-৫ পেয়েছে।ফেনী গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাস স্কুল থেকে ৬৬ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ২৪ জন।হলি ক্রিসেন্ট স্কুল থেকে ৪০ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ১১ জন।এ ছাড়া দাগনভূঞার মমারিজপুর উচ্চ বিদ্যালয় থেকে ২৯ জন পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করেছে। তবে প্রতিষ্ঠানটির কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।ছাগলনাইয়ার হিছাছরা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকেও ২৭ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ জন।অন্যদিকে চলতি বছরের দাখিল পরীক্ষার ফলাফলে জেলার কোনো মাদরাসায় শতভাগ শিক্ষার্থী পাস করেনি। এবার দাখিল পরীক্ষায় ফেনী জেলায় পাসের হার ৭৩ দশমিক ৯৪ শতাংশ। জেলার ছয় উপজেলা থেকে মোট ৫ হাজার ৮৯১ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪ হাজার ৩৫৬ জন। অর্থাৎ, ফেল করেছে ১ হাজার ৫৩৫ জন। জেলায় জিপিএ-৫ পেয়েছে ১৮৩ জন।ফেনী গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাস স্কুলের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ খোন্দকার বলেন, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে এটি আমাদের সপ্তমবারের মতো শতভাগ সাফল্য। তবে প্রাতিষ্ঠানিকভাবে অনুমোদনের পর এটি প্রথম ব্যাচের ফলাফল। এ ফলাফল স্কুলের একাডেমিক ঐতিহ্যে নতুন মাত্রা যোগ করেছে। ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষের সঠিক নির্দেশনা, শিক্ষকদের আন্তরিক পাঠদান ও প্রেষণা এবং শিক্ষার্থীদের অবিরাম অধ্যবসায়ের কারণে এমন ফলাফল হয়েছে বলে মন্তব্য করেন তিনি।এবার এসএসসি পরীক্ষায় ফেনীর ১৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৪ হাজার ৯০০ শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১০ হাজার ৮২১ জন। জেলায় জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ১৩৯ জন। এসএসসি ভোকেশনাল পরীক্ষায় জেলায় পাসের হার ৭৯ দশমিক ২০ শতাংশ। ছয় উপজেলা থেকে মোট ১ হাজার ১৫৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৯১৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন।এর আগে, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ফেনী জেলায় ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছিল। প্রতিষ্ঠানগুলো হলো-ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, করইয়া উচ্চ বিদ্যালয়, ফেনী পুলিশ লাইন্স স্কুল, হোপ ইন্টারন্যাশনাল স্কুল ও স্টারলাইন স্প্রাউট স্কুল। গত বছর ছয়টি প্রতিষ্ঠান শতভাগ সাফল্য পেলেও এবার সেই সংখ্যা কমে হয়েছে পাঁচটি।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী