প্রিন্ট এর তারিখ : ১০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬
ফেনীতে এসএসসিতে পাস করতে পারেনি ৪ হাজার শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক ||
এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের ছয় জেলার মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে ফেনী। তবে শীর্ষে থেকেও এ জেলার ১৪ হাজার ৯০০ পরীক্ষার্থীর মধ্যে পাস করতে পারেনি ৪ হাজার ৭৯ জন। জেলায় পাসের হার ৭২ দশমিক ৬২ শতাংশ, যা বোর্ডের গড় পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশের চেয়ে বেশি। ফেনীর পরের অবস্থানে থাকা ব্রাহ্মণবাড়িয়ায় পাসের হার ৭১ দশমিক ৫০ শতাংশ। আর ছয় জেলার মধ্যে সর্বনিম্ন পাসের হার নোয়াখালীতে ৫৯ দশমিক ৯৮ শতাংশ।সোমবার (১০ আগস্ট) সকালে কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।ঘোষিত ফলাফলে দেখা যায়, ফেনীর ১৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৪ হাজার ৯০০ শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১০ হাজার ৮২১ জন। জেলায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৩৯ জন। পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।বোর্ডের ছয় জেলার মধ্যে পাসের হারে ফেনীর পরেই রয়েছে ব্রাহ্মণবাড়িয়া। এ জেলায় ৭১ দশমিক ৫০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। কুমিল্লায় পাসের হার ৬৪ দশমিক ৭৮, লক্ষ্মীপুরে ৬৩ দশমিক ৯১ এবং চাঁদপুরে ৬৩ দশমিক ৬৩ শতাংশ। নোয়াখালীতে পাসের হার ৫৯ দশমিক ৯৮ শতাংশ।ফেনী জেলার উপজেলাভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাসের হারে এগিয়ে রয়েছে ফেনী সদর। এ উপজেলায় ৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৬ হাজার ৬৭৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৫ হাজার ১৪৮ জন। পাসের হার ৭৭ দশমিক ০৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭৯২ জন। উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।ছাগলনাইয়া উপজেলায় ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ হাজার ৫৮৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাস করেছে ১ হাজার ২০৯ জন। পাসের হার ৭৬ দশমিক ২৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯১ জন। উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।দাগনভূঞা উপজেলায় ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২ হাজার ৫৯৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১ হাজার ৮৫৮ জন। পাসের হার ৭১ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩১ জন। এই উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।এ ছাড়া ফুলগাজী উপজেলায় ২২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ হাজার ২৫২ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৮৮৫ জন। পাসের হার ৭০ দশমিক ৬৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৭ জন।সোনাগাজী উপজেলায় ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ হাজার ৭৮২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১ হাজার ১৬৫ জন। পাসের হার ৬৫ দশমিক ৩৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫৮ জন।জেলায় পাসের হারে তলানিতে রয়েছে সীমান্তবর্তী পরশুরাম উপজেলা। এ উপজেলার ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ হাজার ৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৫৫৬ জন। পাসের হার ৫৫ দশমিক ১৬ শতাংশ, যা জেলার ছয় উপজেলার মধ্যে সর্বনিম্ন। এ উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ৩০ জন। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করতে পারেনি।এদিকে জেলার সামগ্রিক ফলাফলের মধ্যে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এ প্রতিষ্ঠান থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৫৬ শিক্ষার্থীর মধ্যে ৫৫ জনই জিপিএ-৫ পেয়েছে।ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস এম ফয়সল বলেন, প্রতিষ্ঠার পর থেকেই ফেনী গার্লস ক্যাডেট কলেজ কুমিল্লা শিক্ষা বোর্ডের অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে অবস্থান ধরে রেখেছে। সেনা সদস্যদের নির্দেশনা, কলেজ প্রশাসনের সময়োপযোগী উদ্যোগ, অনুষদ সদস্যদের আন্তরিক পাঠদান ও প্রেরণা এবং ক্যাডেটদের অধ্যবসায় এ সাফল্যের অন্যতম কারণ।তিনি বলেন, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায়ও কলেজটির ৫২ জন শিক্ষার্থীর মধ্যে ৫১ জন জিপিএ-৫ পেয়েছিল।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী