প্রিন্ট এর তারিখ : ০৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬
ফেনীতে পিকআপভ্যানের ধাক্কায় প্রাণ গেল পরিচ্ছন্নতাকর্মীর
নিজস্ব প্রতিবেদক ||
ফেনীতে পিকআপভ্যানের চাপায় জিয়াউর রহমান (৫০) নামে এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার ছনুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত জিয়াউর রহমান নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার পূর্বধলা গ্রামের আবদুল মতিনের ছেলে। তিনি ফেনী শহরের সদর হাসপাতাল মোড়সংলগ্ন একটি কলোনিতে ভাড়া বাসায় থাকতেন এবং পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।পুলিশ সূত্র জানায়, সন্ধ্যায় জিয়াউর রহমান বাইসাইকেল চালিয়ে ফেনী শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে মহাসড়কের ছনুয়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি পিকআপভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু নোমান বলেন, দুর্ঘটনার পর ঘাতক পিকআপভ্যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী