প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তিযোদ্ধাদের সাথে ভিপি জয়নালের মতবিনিময়: ‘এবার গায়ের জোরে কিছুই হবে না’
নিজস্ব প্রতিবেদক ||
এবার আর গায়ের জোরে কিছুই হবে না, যা হবে আল্লাহর পক্ষ থেকেই হবে বলে মন্তব্য করেছেন ফেনী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি জয়নাল)। তিনি বলেন, গায়ের জোরে জুলুম-নির্যাতন করে আওয়ামী লীগ এ দেশে টিকতে পারেনি। তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। সুতরাং এবার জনগণের ভোটেই সরকার গঠিত হবে। শনিবার (৭ জানুয়ারি) সকালে নিজ বাড়ির আঙিনায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক জয়নাল আবেদীন বলেন, এ দেশের মানুষের ওপর জুলুম-নির্যাতন করে আওয়ামী লীগ টিকতে পারেনি। তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এ দেশের বুকে এসে তারা আর কখনো কর্তৃত্ব ফলাতে পারবে না। এটা আল্লাহর ফয়সালা, আল্লাহর বাইরে কিছু করার ক্ষমতা কারও নেই। গায়ের জোরে কিছু হয় না, আমরাও গায়ের জোর দেখাতে চাই না।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় শপথ নিয়ে এ দেশের মানুষের ন্যায্য অধিকারের জন্য মুক্তিকামী জনতা যুদ্ধ করেছে এবং একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠা করতে পেরেছিল। দেশ গঠন হলেও দেশের মানুষ প্রকৃত ফল পায়নি। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে মুক্তিযোদ্ধাদের সঠিক মূল্যায়নের মধ্য দিয়ে তাঁদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, জনগণের নিরাপত্তা নিশ্চিত এবং আইনের শাসন কায়েম করে দেশ গড়ে তোলা হবে।
মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের জান-মাল ও সম্পদের নিরাপত্তা এবং ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে বিএনপি কাজ করবে।
আওয়ামী লীগের আমলে নির্যাতন-নিপীড়নের কথা তুলে ধরে তিনি বলেন, বহুবার তারা আমার বাড়িঘরে হামলা করেছে, আমার সম্পদের ক্ষতি করেছে। আমার কর্মী বিরিঞ্চির নবীকে আমার বাড়ির সামনে গুলি করে হত্যা করেছে তারা। এসব করে তারা পুরো দেশটাই ধ্বংস করে দিয়েছে।
তিনি বলেন, জনগণের দাবির মুখে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সে সরকার বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নীতিনির্ধারণী করছে। গণভোট ও মানুষের ভোটের মধ্য দিয়েই এ দেশের মানুষের ভাগ্য নির্ধারিত হবে। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ নিজের ভোট নিজে দেবে, যাকে খুশি তাকে দেবে। এখানে কোনো লুকোচুরি চলবে না। যারা ক্ষমতায় আসবেন তারা এ দেশে আইনের শাসন ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ধানের শীষে ভোট প্রার্থনা করে ভিপি জয়নাল বলেন, বিশ্ব তাকিয়ে আছে আমরা কত পরিমাণ ভোটে জয়লাভ করে রাষ্ট্রীয় ক্ষমতায় যাচ্ছি। বিশাল ভোটে যদি ধানের শীষ বিজয়ী হয় এবং আমরা ক্ষমতায় যাই, তখন সারা বিশ্ব আমাদের সহযোগিতা করবে। সুতরাং সবাই ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।
ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুলের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের সঞ্চালনায় এ সময় শতাধিক মুক্তিযোদ্ধাসহ বিএনপির জেলা পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী