প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৫
১২০ টাকায় পুলিশে চাকরি পেল মিরসরাইয়ের ১০ তরুণ
মিরসরাই প্রতিনিধি ||
মাত্র ১২০ টাকা খরচে অনলাইনে আবেদন করে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে চাকরি পেলেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১০ জন তরুণ। জানা গেছে, সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় তারা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) এই ১০ তরুণের হাতে যোগদানপত্র তুলে দেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
সুপারিশপ্রাপ্তরা হলেন, শাখাওয়াত হোসেন, হৃদয় বড়ুয়া, আবরার ফয়সাল আবির, ওমর ফারুখ, আরিফুল হাসান নয়ন, প্রীতম চন্দ্র নাথ, শাহরিয়ার নাজিম, ইবনে মাহির, সরোয়ার হোসেন এবং নুরুল আজাদ জিসান। চাকরিতে সুযোগ পাওয়া হৃদয় বড়ুয়া ও শাখাওয়াত হোসেন বলেন, পুলিশের চাকরি করার বড় স্বপ্ন ছিললো। পত্রিকায় পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি দেখে একটি কম্পিউটার দোকান থেকে আবেদন করি। মাত্র ১২০ টাকা ফি’তে অনলাইনে আবেদন করে কনস্টেবলে সুযোগ পেয়ে যাবো, তা স্বপ্নেও ভাবতে পারেনি। তারা বলেন, 'যদিও আগে বিভিন্ন লেনদেনের কথা শোনা যেত। কিন্তু আমরা কোনো ধরণের ঝামেলা ছাড়া সুযোগ পেয়েছি। আমাদের এই আনন্দ বলে বুঝানোর মতো না।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, 'সম্পূর্ন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে এই ১০ জন কনস্টেবল পদে চাকুরি পেয়েছেন। এটি সত্যি মিরসরাইবাসীর জন্য আনন্দের খবর। চাকরি পাওয়া তরুণদের প্রতি আমার পরামর্শ থাকবে সততার সঙ্গে যেন তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেন।'
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী