প্রিন্ট এর তারিখ : ০৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৪
মহিপালে ছাত্র-জনতা হত্যা মামলার আরও ৪ আসামি গ্রেফতার
ফেনী ডেস্ক ||
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলায় এজাহারভুক্ত আরো ৪ আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (২২ সেপ্টেম্বর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ফেনী মডেল থানা সূত্র জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) শহরের শাহীন একাডেমী সড়কের সুরমা মঞ্জিলে অভিযান চালায়। এ সময় ছাগলনাইয়া আবদুল হক চৌধুরী ডিগ্রি কলেজের ছাত্র মাহবুবুল হক মাসুম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ১৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন অমি (২৪), দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সরোয়ার জাহান মাসুদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আরাফাত হোসেন ভূঁইয়াকে (৩০) গ্রেফতার করা হয়। আরাফাত সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর এলাকার আবু আহমদ ভূঁইয়ার ছেলে।
অন্যদিকে ফেনী শহরের কলেজ রোডে টমটম চালক জাফর আহম্মদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আবু তাহেরকে গ্রেফতার করা হয়েছে। তাহের সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের উত্তর ফাজিলপুর শিবপুর এলাকার নুরুল ইসলামের ছেলে। কাশিমপুর এলাকার ওয়াকিল আহমেদ শিহাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছাগলনাইয়া পৌর শহরের বাঁশপাড়া এলাকা থেকে আবদুল হাইয়ের ছেলে নুরুল ইসলাম বাচ্চুকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী