প্রিন্ট এর তারিখ : ০৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২০
ফেনীতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅবস্থান
শহর প্রতিনিধি ||
ধর্ম অবমাননার অভিযোগে সংখ্যালঘুদের আক্রমণ, অগ্নিসংযোগ এবং জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের দাবিতে ফেনীতে গণঅবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। আজ শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে শহরের কলেজ রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে ট্রাংক রোডের জিরোপয়েন্টে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে। এতে ঐক্য পরিষদের হাজারখানেক নেতাকর্মী এ কর্মসূচিতে যোগ দেন।
জেলা ঐক্য পরিষদের আহবায়ক শুকদেব নাথ তপনের সভাপতিত্বে ও সদস্য সচিব শিবু প্রশাদ মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রী কমিটির সভাপতি মন্ডলির সদস্য অ্যাডভোকেট প্রিয়রঞ্জন দত্ত, জেলা কমিটির যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট সমির চন্দ্র কর, অমল বিশ্বাস, জেলা পূজা কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট বিমল শীল, সহ-সভাপতি হীরালাল চক্রবর্তী ফেনী সদর ঐক্য পরিষদের সভাপতি লিটন সাহা, সাধারন সম্পাদক যতন মজুমদার, পৌর ঐক্য পরিষদের সভাপতি রিপন সাহা, সাধারন সম্পাদক মাষ্টার অর্জুন নাথ, সোনাগাজী উপজেলা কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মানক চন্দ্র শর্মা, সাধারন সম্পাদক জগবন্ধু নাথ, পরশুরাম উপজেলা কমিটির সাধারন সম্পাক সুব্রত সাহা, দাগনভূঞা কমিটির সভাপতি নিতাই দাস, ফুলগাজী উপজেলা কমিটির সভাপতি পরিমল রায়, ছাগলনাইয়া কমিটির সভাপতি রতন দাশ, যুবঐক্যের সভাপতি সৌরভ সাহা, বাংলাদেশ সারদা অঞ্জলি ফোরামের সভাপতি বাবুল পাল, খ্রিস্ট্রান এসোসিয়েশানের সভাপতি সুবির সরকার দিলু, বৌদ্ধ সমিতির সভাপতি বদন্ত প্রীতিরত্ন ভিক্ষু প্রমুখ।
এসময় বক্তারা কুমিল্লা মুরাদনগর, চট্টগ্রামের রাঙ্গুনিয়া, নাসির নগর ও দিনাজপুরের পার্বতীপুরে সংখ্যালঘুদের উপর নির্যাতন, বিভিন্ন সমাবেশে ভিন্নধর্মের প্রতি কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া সংখ্যালঘু সুরক্ষা আইন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও অবিলম্বে সংখ্যালঘু মন্ত্রনালয় গঠন করে সকল নির্যাতনের সুবিচার নিশ্চিতের দাবী করেন বক্তারা।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী