প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২০
উপজেলা পর্যায়ে দাগনভূঞায় হচ্ছে দেশের প্রথম সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম
নিজস্ব প্রতিবেদক ||
করোনা রোগীর চিকিৎসায় ফেনীর দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত হচ্ছে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম। এর মাধ্যমে গড়ে তোলা হচ্ছে ১০ শয্যার হাই ফ্লো অক্সিজেন ব্যবস্থা। ব্যক্তিগতভাবে এ অর্থায়নে এগিয়ে এসেছেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন। আলাপকালে এসব তথ্য জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুবাইয়াত বিন করিম।
দিদারুল কবির রতন জানান, দাগনভূঞায় কোভিড রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সামাজিক দায়িত্ববোধ থেকে এগিয়ে এসেছি।
কার্যাদেশপ্রাপ্ত প্রতিষ্ঠান রবিন এন্টারপ্রাইজের কর্ণধার মোঃ জসিম উদ্দিন জানান, শুক্রবারের মধ্যে কাজ করে বুঝিয়ে দেয়া হবে।
ডাঃ রুবাইয়াত জানান, বিএমএ সভাপতি অধ্যাপক ডাঃ সাহেদুল ইসলাম কাওসারের মূল ধারণা হতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি জানান, সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু হওয়ার পর হাই ফ্লো অক্সিজেন সেবা দিতে অক্সিমিটার, রিব্রিদিং মাস্ক, ভেঞ্চুরী মাস্কসহ আরো কিছু সরঞ্জাম তিনি ব্যক্তিগতভাবে সংগ্রহ করেছেন।
সেবার আওতায় আনা প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান ও ডাঃ রুবাইয়াত জানান, রবিবার নাগাদ মানুষের সেবায় এটি উদ্বোধন করা যাবে।
জেলা সিভিল সার্জন ডাঃ সাজ্জাদ হোসেন বলেন, করোনায় শ্বাসকষ্ট যাদের হচ্ছে তাদের বাঁচাতে হাই ফ্লো অক্সিজেন মূখ্য ভূমিকা পালন করে। এ ব্যবস্থা চালু হলে মানুষ দ্রুত চিকিৎসার আওতায় আসতে পারবে, মৃত্যুর হার কমবে।
বিএমএ ফেনী জেলা সভাপতি অধ্যাপক ডাঃ সাহেদুল ইসলাম কাওসার জানান, এর মাধ্যমে স্বাস্থ্যসেবায় ফেনী হতে যাচ্ছে করোনা চিকিৎসায় দেশের অনুসরণীয় মডেল।
জেলা স্বাস্থ্য বিভাগ ও বিএমএ সভাপতি জানান, সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সেবা নিশ্চিতে কাজ চলছে। ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারীর নির্দেশনায় এগুলো বাস্তবায়িত হবে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী