পরশুরামের তিন ইউনিয়নে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর আগেই বিএনপির মনোনয়ন ঘিরে তৈরি হয়েছে প্রতিযোগিতা, প্রত্যাশা ও নানা হিসাব-নিকাশ। উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন পেতে ৩২ জন এবং সাধারণ ও সংরক্ষিত নারী সদস্য পদে ২৫৩ জন জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। সব মিলিয়ে তিন ইউনিয়নে জনপ্রতিনিধি হতে আগ্রহী বিএনপির ২৮৫ জন।
দলীয় সূত্রে জানা গেছে, তিন ইউনিয়নের মধ্যে বক্সমাহমুদে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। গত ৩১ অক্টোবর রাতে ইউনিয়ন বিএনপির এক মতবিনিময় সভায় ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল মনির নাম চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
তবে এই ঘোষণার পরদিন সকালে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তারেক হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। প্রার্থী ঘোষণার পরদিনই একজন মনোনয়নপ্রত্যাশীর স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দলীয় মনোনয়নপ্রক্রিয়া ও তৃণমূলের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। দলীয় নেতারা বলছেন, প্রার্থী নির্বাচনে সাংগঠনিক ত্যাগের পাশাপাশি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতাও গুরুত্ব পাবে।
দলীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে সবচেয়ে বেশি জীবনবৃত্তান্ত জমা পড়েছে মির্জানগর ইউনিয়নে। সেখানে দলীয় সমর্থন প্রত্যাশী ১৯ জন। চিথলিয়া ইউনিয়নে ৯ জন এবং বক্সমাহমুদ ইউনিয়নে চারজন জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট আগ্রহীর সংখ্যা ৩২ জন।
সাধারণ ও সংরক্ষিত নারী সদস্য পদে তিন ইউনিয়নে মোট ২৫৩ জন জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। এর মধ্যে বক্সমাহমুদ ইউনিয়নে ৭৬ জন, মির্জানগরে ৭১ জন এবং চিথলিয়ায় ১০৬ জন রয়েছেন।
চিথলিয়া ইউনিয়নে সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে ৯ জন, ২ নম্বরে ১৫ জন, ৩ নম্বরে ১০ জন, ৪ নম্বরে ৯ জন, ৫ নম্বরে ১৩ জন, ৬ নম্বরে ১০ জন, ৭ নম্বরে ৯ জন, ৮ নম্বরে ১৩ জন এবং ৯ নম্বর ওয়ার্ডে ছয়জন জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। সংরক্ষিত নারী সদস্য পদে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে তিনজন, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে ছয়জন এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে তিনজন আগ্রহ প্রকাশ করেছেন।
বক্সমাহমুদ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে ১০ জন, ২ নম্বরে ৯ জন, ৩ নম্বরে আটজন, ৪ ও ৫ নম্বরে চারজন করে, ৬ নম্বরে আটজন, ৭ নম্বরে তিনজন, ৮ নম্বরে নয়জন এবং ৯ নম্বর ওয়ার্ডে তিনজন জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। সংরক্ষিত নারী সদস্য পদে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে তিনজন, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে দুজন এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে তিনজন আগ্রহী রয়েছেন।
মির্জানগর ইউনিয়নে সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে ছয়জন, ২ নম্বরে আটজন, ৩ নম্বরে সাতজন, ৪ নম্বরে ছয়জন, ৫ নম্বরে ১৬ জন, ৬ নম্বরে পাঁচজন, ৭ নম্বরে ১১ জন, ৮ নম্বরে চারজন এবং ৯ নম্বর ওয়ার্ডে নয়জন জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। সংরক্ষিত নারী সদস্য পদে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে চারজন, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে চারজন এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে তিনজন আগ্রহ প্রকাশ করেছেন।
ত্যাগীদের মূল্যায়নের দাবি
মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে দীর্ঘদিন দলের জন্য কাজ করা নেতাকর্মীদের মূল্যায়নের দাবি রয়েছে। অন্যদিকে, দলীয় শীর্ষ নেতারা বলছেন, শুধু সাংগঠনিক ত্যাগ নয়, নির্বাচনে জয়ী হওয়ার সক্ষমতা ও জনগণের কাছে গ্রহণযোগ্যতাও বিবেচনায় নিতে হবে।
চিথলিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল লতিফ সৈকত বলেন, দলের দুঃসময়ে দলের জন্য কাজ করেছি। এলাকার মানুষও আমাকে সমর্থন করেন। আশা করি, দল আমার ত্যাগ ও কাজের মূল্যায়ন করবে।
মির্জানগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ বলেন, মানুষের বিপদে-আপদে পাশে আছি, ভবিষ্যতেও থাকব। সুখে-দুঃখে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। দলীয় সমর্থন পেলে মির্জানগর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলব।
পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক বলেন, বিগত ১৬ বছরে দলের মিছিল-মিটিংয়ে অংশ নেওয়ার জন্য লোক পাওয়া কঠিন ছিল। অনেকে দলীয় দায়িত্ব নিতে চাননি, এমনকি ব্যানারের সামনেও আসতে চাননি। স্থানীয় সরকার নির্বাচনে দলের দুঃসময়ে পাশে থাকা নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে।
এদিকে, গত ২৮ অক্টোবর পরশুরাম উপজেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য ও ত্যাগী যুবদল নেতাদের মূল্যায়নের দাবি জানান উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল ও যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটন। এ বিষয়ে তারা ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনুসহ দলের নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রার্থী বাছাইয়ে প্রাধান্য পাবে জনগণের মতামত
স্থানীয় নির্বাচনে প্রার্থীতা বাছাইয়ে জনপ্রিয়তাকেও সমান গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু। তিনি বলেন, দলের ত্যাগী ও নির্যাতিত নেতা হলেও সাধারণ মানুষের কাছে যার গ্রহণযোগ্যতা নেই, তাকে মনোনয়ন দেওয়া হলে তিনি নির্বাচনে জয়ী হতে পারবেন না। বিএনপি জনগণের দল। জনগণ যাকে চাইবে, দল থেকে তাকেই মনোনয়ন দেওয়া হবে।
উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি বলেন, জনগণ ও স্থানীয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদে দলীয় সমর্থন ঘোষণা করবেন সংসদ সদস্য।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব বলেন, দলের পক্ষ থেকে ইতোমধ্যে ইউনিয়নভিত্তিক সাংগঠনিক মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। ওয়ার্ড কমিটির মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাকে দলীয় সমর্থন দেওয়া হবে, তার পক্ষে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।