এইচএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী ও অভিভাবকদের সামনে খুলে গেছে ভবিষ্যৎ পরিকল্পনার নতুন অধ্যায়। কেউ প্রত্যাশিত ফলাফল অর্জন করেছেন, কেউ মাঝামাঝি অবস্থানে রয়েছেন, আবার কেউ কাক্সিক্ষত গ্রেড পাননি। এই ফলাফলকে কেন্দ্র করে আনন্দ কিংবা হতাশা স্বাভাবিক; কিন্তু একটি পরীক্ষার ফলাফলকে জীবনের চূড়ান্ত মূল্যায়ন হিসেবে বিবেচনা করা যুক্তিসংগত নয়। বিশেষ করে যারা জিপিএ ৪-এর নিচে পেয়েছেন, তাদের জন্য এখন প্রয়োজন নিজের সক্ষমতা, আগ্রহ ও পরিস্থিতি পুনর্মূল্যায়ন করা। পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল না পাওয়া মানেই সম্ভাবনার অবসান নয়; বরং এটি ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবার একটি উপলক্ষ। এই সন্ধিক্ষণে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলোÑআমি কী হতে চাই, আমার যোগ্যতা ও আগ্রহ কোন ক্ষেত্রে এবং সেই লক্ষ্যে পৌঁছানোর বাস্তবসম্মত পথ কোনটি?
বাংলাদেশের সমাজে উচ্চশিক্ষার প্রতি আগ্রহের পাশাপাশি একটি নির্দিষ্ট শিক্ষাপথ অনুসরণের প্রবণতা লক্ষ করা যায়। এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স এবং এরপর একটি ভালো চাকরি। এই প্রত্যাশার পেছনে সামাজিক মর্যাদা, পেশাগত নিরাপত্তা ও অর্থনৈতিক স্বচ্ছলতার আকাক্সক্ষা রয়েছে। তবে সব শিক্ষার্থীর আগ্রহ, সক্ষমতা ও পারিবারিক পরিস্থিতি এক নয়। কেউ একাডেমিক শিক্ষায় ভালো করেন, কেউ প্রযুক্তি, ব্যবসা, সৃজনশীলতা কিংবা হাতে-কলমে কাজের মাধ্যমে নিজের সম্ভাবনা বিকশিত করতে পারেন। পরীক্ষার ফলাফল নির্দিষ্ট সময়ে অর্জিত একাডেমিক দক্ষতার একটি নির্দেশক হলেও তা একজন মানুষের সামগ্রিক যোগ্যতার পূর্ণাঙ্গ মূল্যায়ন নয়। তাই উচ্চশিক্ষার প্রতি আগ্রহ যেমন স্বাভাবিক, তেমনি নিজের জন্য উপযুক্ত অন্য কোনো শিক্ষাপথ কিংবা পেশা বেছে নেওয়াও সম্মানজনক সিদ্ধান্ত।
উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সম্পর্ক নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে আরও গভীর আলোচনা প্রয়োজন। বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনের পর শিক্ষার্থীদের প্রত্যাশা থাকে, তাঁদের অর্জিত জ্ঞান ও যোগ্যতা কর্মজীবনে কাজে লাগবে। কিন্তু কর্মসংস্থানের সুযোগ, প্রয়োজনীয় দক্ষতা, অভিজ্ঞতা এবং শিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের সামঞ্জস্যÑএসব বিষয় ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রেও বিষয়টি বিবেচনার দাবি রাখে। উচ্চশিক্ষা সম্পন্ন করার পর কেউ প্রত্যাশিত কর্মসংস্থান না পেলে তার কারণ অনুসন্ধানে শিক্ষার্থীর প্রস্তুতি, শিক্ষার গুণগত মান, ব্যবহারিক প্রশিক্ষণ এবং শ্রমবাজারের চাহিদাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করা প্রয়োজন। পর্যাপ্ত তথ্য ছাড়া কোনো নির্দিষ্ট ডিগ্রি কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে সামগ্রিক সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। বরং উচ্চশিক্ষার কার্যকারিতা মূল্যায়নে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও পেশাগত অগ্রগতির মতো বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
এইচএসসি-পরবর্তী সময়ে উচ্চশিক্ষার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, পেশাগত প্রশিক্ষণ, তথ্যপ্রযুক্তি, কৃষি, ব্যবসা এবং দক্ষতাভিত্তিক বিভিন্ন কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ বিবেচনা করা যেতে পারে। একজন দক্ষ কারিগর, প্রযুক্তিবিদ, কৃষি উদ্যোক্তা কিংবা ব্যবসায়ী নিজের যোগ্যতা ও কর্মনিষ্ঠার মাধ্যমে সম্মানজনক জীবন গড়ে তুলতে পারেন। তবে এসব ক্ষেত্রে সফলতার জন্য প্রয়োজন যথাযথ প্রশিক্ষণ, বাস্তব অভিজ্ঞতা, পেশাগত সততা ও ধারাবাহিক দক্ষতা উন্নয়ন। বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রেও একই বাস্তবতা প্রযোজ্য। বিদেশে যাওয়ার আগে সম্ভাব্য আয়, অভিবাসন ব্যয়, কাজের ধরন, প্রয়োজনীয় দক্ষতা এবং আইনি সুরক্ষা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা জরুরি। কোনো পথই সহজ সাফল্যের নিশ্চয়তা দেয় না; প্রয়োজন উপযুক্ত প্রস্তুতি ও বাস্তবসম্মত পরিকল্পনা।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়তা করার ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। উচ্চমাধ্যমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের আগ্রহ, সক্ষমতা ও পেশাগত সম্ভাবনা সম্পর্কে ধারণা দেওয়ার ব্যবস্থা থাকা প্রয়োজন। কলেজগুলোতে ক্যারিয়ার কাউন্সেলিং, পেশাভিত্তিক তথ্যসেবা, কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ এবং কর্মক্ষেত্র সম্পর্কে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করা যেতে পারে। পাশাপাশি বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার সম্ভাব্য ব্যয়, প্রয়োজনীয় যোগ্যতা, পেশাগত সুযোগ এবং সংশ্লিষ্ট শ্রমবাজারের তথ্য সহজলভ্য করা গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থী ও অভিভাবকদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে পারে। তবে কার্যকর ক্যারিয়ার নির্দেশনা নিশ্চিত করতে প্রশিক্ষিত জনবল, নির্ভরযোগ্য তথ্য এবং প্রাতিষ্ঠানিক সমন্বয় প্রয়োজন। শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও বাস্তবসম্মত করার জন্য এসব উদ্যোগ বিবেচনা করা যেতে পারে।
অভিভাবকদের দৃষ্টিভঙ্গিও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সন্তানের জন্য নিরাপদ ও সম্মানজনক ভবিষ্যৎ নিশ্চিত করার আকাক্সক্ষা স্বাভাবিক। তবে সেই প্রত্যাশা পূরণ করতে গিয়ে সন্তানের আগ্রহ ও সক্ষমতাকে উপেক্ষা করা হলে সিদ্ধান্তটি সব সময় কার্যকর নাও হতে পারে। কোনো শিক্ষার্থী প্রচলিত একাডেমিক শিক্ষায় প্রত্যাশিত ফলাফল না করলেও প্রযুক্তি, ব্যবসা, কৃষি কিংবা অন্য কোনো পেশায় আগ্রহী হতে পারেন। তাঁর সেই আগ্রহকে যথাযথ দিকনির্দেশনা ও প্রশিক্ষণের মাধ্যমে বিকশিত করার সুযোগ দেওয়া উচিত। একই সঙ্গে শিক্ষার্থীদেরও বুঝতে হবে, বিকল্প শিক্ষাপথ বেছে নেওয়া মানেই দায়িত্ব কমে যাওয়া নয়। প্রতিটি ক্ষেত্রেই প্রয়োজন পরিশ্রম, শৃঙ্খলা, সততা ও আত্মউন্নয়নের ধারাবাহিকতা। তাই শিক্ষার্থী ও অভিভাবকÑউভয়েরই উচিত সামাজিক প্রত্যাশা কিংবা সাময়িক আবেগের পরিবর্তে বাস্তবতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাকে গুরুত্ব দেওয়া।
শিক্ষার উদ্দেশ্য শুধু পরীক্ষায় ভালো ফলাফল কিংবা একটি সার্টিফিকেট অর্জন নয়; বরং একজন মানুষকে চিন্তাশীল, দক্ষ, দায়িত্বশীল ও আত্মনির্ভরশীল করে তোলা। বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনাকে কার্যকরভাবে কাজে লাগাতে হলে শিক্ষার সঙ্গে দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্পর্ক আরও সুদৃঢ় করা প্রয়োজন। এ ক্ষেত্রে শিক্ষাব্যবস্থার গুণগত উন্নয়ন, পেশাগত দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের বাস্তবমুখী প্রস্তুতি নিয়ে ধারাবাহিক আলোচনা জরুরি। এইচএসসির ফলাফল তাই কারও জীবনের চূড়ান্ত রায় নয়; বরং নিজের অবস্থান মূল্যায়ন করে ভবিষ্যৎ পরিকল্পনা করার একটি সুযোগ। যারা ভালো করেছেন, তারা নিজেদের সম্ভাবনাকে আরও বিকশিত করুন। যারা প্রত্যাশিত ফলাফল করতে পারেননি, তারা নিজের জন্য উপযুক্ত পথ খুঁজে নিন। কারণ জীবনে সবাইকে একই পথে হাঁটতে হয় না, কিন্তু প্রত্যেকেরই নিজের পথটি সচেতনভাবে বেছে নেওয়া প্রয়োজন।
একটি ডিগ্রি শিক্ষাজীবনের অর্জনকে স্বীকৃতি দিতে পারে; কিন্তু জ্ঞান, দক্ষতা, সততা, চিন্তাশক্তি ও কর্মনিষ্ঠাকে বাস্তব জীবনে প্রয়োগ করার সক্ষমতাই একজন মানুষকে অর্থবহ ও সম্মানজনক জীবন গড়ে তুলতে সহায়তা করে। তাই এইচএসসির ফলাফল নিয়ে আত্মবিশ্লেষণের পাশাপাশি প্রয়োজন ভবিষ্যৎ নির্মাণের সুস্পষ্ট পরিকল্পনা। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি শুধু কত জিপিএ অর্জন করেছেন, তা নয়; বরং আপনার অর্জিত শিক্ষা ও সক্ষমতাকে কীভাবে একটি অর্থবহ, সম্মানজনক ও স্বনির্ভর জীবনে রূপান্তরিত করবেন।
লেখক ও চিন্তক